আ'লীগ এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ

 

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল।

আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করে ক্ষমতায় আছে আওয়ামী লীগ।

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। এ সময় ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে আগামী ১৬ জানুয়ারি সারা দেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশের জনগণ জেগে উঠেছে। আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলন আজকের নয়, এই আন্দোলন শুরু হয়েছে তখন থেকে যখন থেকে বেআইনিভাবে দুই দুইবার ভোট ব্যবস্থাকে ধ্বংস করে বেআইনিভাবে জোর করে তারা ক্ষমতা দখল করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি আওয়ামী লীগ একটি অত্যন্ত পরিচিত পুরোনো দল। কিন্তু আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের এখন পুলিশের ওপর নির্ভর করে, আমলাদের ওপর নির্ভর করে রাষ্ট্রক্ষমতায় থাকতে হচ্ছে।’

আজ সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে—উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকারকে সরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সমস্ত দলগুলো একমত হয়েছে। তারা ১০ দফা কর্মসূচির মাধ্যমে এই আন্দোলন সফল করবে।’

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল।
১৬ জানুয়ারি সারা দেশে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

তিনি বলেন, ‘অবিলম্বে সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘সাধারণ মানুষ আজ বলছে তারা আর পারে না । চাল কিনতে পারে না। খাদ্য কিনতে পারে না। ওয়াসার এমডি আমেরিকায় ১৪টি বাড়ি কিনেছে। তিনি কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আজকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। তারা সব ব্যাংক লুটে ফোকলা করে দিয়েছে। সরকার লুটের রাজ্য গড়ে তুলেছে। তাদের লক্ষ্য হচ্ছে সবকিছুকে নিয়ন্ত্রণ করে আবারও একদলীয় শাসন কায়েম করা। আমরা সেটা হতে দিবো না! আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আজকে জনগণ জেগে উঠেছে। সুশীল সমাজের প্রতিনিধিরা জেগে উঠেছে। গণমাধ্যমও ভূমিকা রাখছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেও ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ বানচাল করা যায়নি। ঢাকাসহ দেশের মানুষ সফল করেছেন। আসুন আমরা ৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে ঐক্যবদ্ধ হই।’

প্রসঙ্গত সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অন্য রাজবন্দিদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বুধবার সারাদেশে বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচির নেতৃত্বে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন জ্যেষ্ঠ নেতা। সরকারবিরোধী বিভিন্ন দল ও জোটসঙ্গীরাও এ কর্মসূচি পালন করছে।

গণঅবস্থান কর্মসূচি ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হন। দুপুরের আগেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ