ইউএনওকে ‘গামছা পরিয়ে’ বিদায় করার হুঁশিয়ারি উপজেলা চেয়ারম্যানের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইউএনওকে ‘গামছা পরিয়ে’ বিদায় করার হুঁশিয়ারি উপজেলা চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২০, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২০, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

চাপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উম্মে তাবাসসুমকে ‘গামছা পরিয়ে’ বিদায় করার হুঁশিয়ারি দিয়েছেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন।

সোমবার (১৯ জুন) ভোলাহাট মেডিকেল মোড়ে বিকেল ৫টার দিকে ভোলাহাটে উপজেলা যুবলীগের শান্তি সমাবেশে উপজেলা চেয়ারম্যান এমন বক্তব্য দেন। ২ মিনিট ৪৩ সেকেন্ডের প্রকাশিত ভিডিওটিতে পুরো সময়জুড়ে ইউএনওকে নিয়ে বিষোদগার করেন তিনি।

উপজেলা চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, ‘আমাকে বরখাস্ত করার জন্য উৎপাত চলছে। আমার কর্মচারী, চালকের ওভারটাইম বেতন দেওয়া হচ্ছে না। শুধু জামায়াত-বিএনপি নয়, প্রশাসনে বসে শেখ হাসিনার নামে বর্তমান ইউএনও ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।’

ইউএনওকে হুঁশিয়ার করে রাব্বুল হোসেন বলেন, ‘আগামী ঈদের পরে ইউএনও উম্মে তাবাসসুমকে গামছা পরিয়ে এখান থেকে বিদায় করা হবে। এখানে দাঁতভাঙা জবাব কেউ দেখেনি, সবাই চুপচাপ আছে। ইনশা আল্লাহ ঈদের পরে সেই রূপ দেখতে পাবে। আওয়ামী লীগের চেয়ারম্যানকে সরানোর পাঁয়তারা করছ। ঈদের পরে তোমার চৌদ্দ গুষ্টির দাঁত ভেঙে দেওয়া হবে।’

রাব্বুল হোসেন আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা এই ইউএনওকে কন্ট্রোল করুন, নয়তো বিদায় করুন। ঈদের পরে জামায়াত-বিএনপির আন্দোলন তীব্রতর হলে এই ইউএনও ভোলাহাটের মাটিতে থাকলে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অর্ধেক নেতা-কর্মীকে কারাগারে থাকতে হবে।’

উপজেলা চেয়ারম্যান হুঁশিয়ারি করে আরও বলেন, ‘সামনে ২৫ তারিখের মধ্যে কোনো স্টেপ না নেওয়া হলে যতগুলো প্রকল্পের কাজ চলছে, আমিও কোনো চেয়ারম্যান-মেম্বারের প্রকল্পে স্বাক্ষর করব না।’

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন শাহ, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবিরসহ ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম বাবলু।

এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন পরে মন্তব্য করবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম বাবু। তিনি গণমাধ্যমে বলেন, ‘চেয়ারম্যান ইউএনওকে হুমকি দেবে বিষয়টি কারও জানা ছিল না। প্রকাশ্যে হুমকি দেওয়া ঠিক হয়নি। এ নিয়ে আমরা বিব্রত।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ