ইসি’র সঙ্গে বৈঠকভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছে কমনওয়েলথ প্রতিনিধিদল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসি’র সঙ্গে বৈঠকভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছে কমনওয়েলথ প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২০, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২০, ২০২৩ ১২:৫০ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনের কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতি, বিধি-বিধান ও ভোট ব্যবস্থাপনাসহ ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত হয়েছেন কমনওয়েলথ সচিবালয়ের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। এ ছাড়া নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন সংস্থাটির প্রতিনিধিরা। গতকাল কমনওয়েলথ সচিবালয়ের চার সদস্যের এই প্রতিনিধিদলটি নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার কমিশনারের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। প্রতিনিধিদলে ছিলেন কমনওয়েলথ সচিবালয়ের রাজনৈতিক বিভাগের নির্বাচনী সহযোগিতা বিভাগের নির্বাহী কর্মকর্তা জিপ্পি ওজাগো, গভর্নেন্স অ্যান্ড পিস ডিরেক্টরেটের রাজনৈতিক উপদেষ্টা লিন্ডিউই মালেলেকা, সহ গবেষণা কর্মকর্তা সার্থক রায় এবং গভর্নেন্স অ্যান্ড পিস ডিরেক্টরেট বিভাগের নির্বাচনী সহযোগিতা বিভাগের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস।

বৈঠক শেষে লিনফোর্ড অ্যান্ড্রুস জানান, নির্বাচন-পূর্ব পরিস্থিতি মূল্যায়নে কমনওয়েলথের সদস্য রাষ্ট্রের যেকোনো দেশে পর্যবেক্ষক পাঠানো তাদের এক ধরনের প্রথা। তিনি বলেন, কয়েকটি উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি। এর অংশ হিসেবে নির্বাচন কমিশনসহ নানা ধরনের অংশীজনের সঙ্গে আলোচনায় বসা হয়। ৭ই জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি বিরাজমান পরিবেশসহ পর্যবেক্ষণ করছি আমরা। অ্যান্ড্রুস বলেন, আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা হয়েছে। কতোটা প্রস্তুতি হয়েছে তা জানতে পেরেছি। সামনের দিকে তাকিয়ে আছি, অংশীজনদের সঙ্গেও আমাদের আলোচনা হবে।

২২শে নভেম্বর আমাদের চলে যাবার কথা। তারপর কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেবো।
আগামী ৭ই জানুয়ারি সংসদ নির্বাচনের তারিখ ঠিক করে তফসিল ঘোষণার চারদিনের মাথায় ইসি’র সঙ্গে পূর্বনির্ধারিত এই বৈঠক সারলেন কমনওয়েলথ সচিবালয়ের প্রতিনিধিরা। তারা যখন বৈঠক করছেন, তখন একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল করছে বিএনপি। এ ছাড়া আন্দোলনে রয়েছে দেশের বেশির ভাগ রাজনৈতিক দল।

এদিকে বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু এবং পর্যবেক্ষকদের মতামত তুলে ধরে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, এই প্রতিনিধিদল কমনওয়েলথের অগ্রবর্তী দল। পরিস্থিতি জেনে তারা কমনওয়েলথ সচিবালয়ে গিয়ে রিপোর্ট জমা দেবেন। এরপর প্রতিবেদন পেয়ে কমনওয়েলথের পূর্ণাঙ্গ টিম নির্বাচন পর্যবেক্ষণে আসার বিষয়ে সম্মতি জানাবেন কি, জানবেন না- সে সিদ্ধান্ত পরে নেবো।
বিবদমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কমনওয়েলথ প্রতিনিধিদলের সদস্যরা কোনো মন্তব্য করেননি বলে জানান ইসি সচিব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে কোনো আলাচনা হয়নি। শুধু নির্বাচন পদ্ধতি, নির্বাচনী কর্মপদ্ধতি ও নির্বাচনী আইন, বিধি-বিধান, ভোট ব্যবস্থাপনা, প্রতিবন্ধী ভোটারদের জন্য কী ব্যবস্থা, নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত ও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট ও ভোটের দিন যানবাহন ব্যবস্থাপনা বিষয়ে অবহিত হতে চেয়েছেন। সিইসি ও নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এসব বিষয় তাদের কাছে তুলে ধরা হয়েছে। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সফরকারী প্রতিনিধিদল।

এটি দ্বিপক্ষীয় আলোচনা ছিল জানিয়ে জাহাংগীর আলম বলেন, তারা কিছু জানতে চেয়েছেন, তুলে ধরেছি। তাদের কাজ হচ্ছে বাংলাদেশের নির্বাচন পদ্ধতির বিষয়ে জানা। অন্য কোনো প্রশ্ন তারা করেননি। জানতে চেয়েছেন দেশের নির্বাচন পদ্ধতিতে ভোটাররা কীভাবে ভোট দিতে যাবেন, ভোট নেয়া হবে, ভোট স্বচ্ছ করতে গেলে ভোট পদ্ধতিসহ রিটার্নিং অফিসারসহ সবার কাজগুলো জেনেছেন।
ওদিকে বিএনপি নির্বাচন করতে চাইলে অবশ্যই সহায়তা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। গতকাল নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মো. আলমগীর বলেন, বিএনপি যদি বলে আমরা নির্বাচন করবো, আমাদের সহায়তা করেন। তাহলে অবশ্যই আমরা সহায়তা করবো। তবে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদের না। যেসব দল নির্বাচনে অংশ নেবে, তাদের জন্য যতরকম চেষ্টা করা তা করা হবে। যারা নির্বাচনে আসবে না তাদের ব্যাপারে আমাদের কিছু করার নেই। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কোনো অভিযোগ আসলে এবং অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহুল হতে হবে। কয়েকটি দল অভিযোগ করছে নির্বাচনের পরিবেশ নেই-এমন বিষয় সামনে আনলে মো. আলমগীর বলেন, চিরকাল সরকারি দল এবং বিরোধী দল পরস্পরের ওপর অভিযোগ করে। এটা ১৯৭০ সাল থেকে আমি দেখে আসছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ