ঈদুল আজহার ছুটি একদিন বাড়লো
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ১৯, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ১৯, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

ঈদুল আজহার ছুটি একদিন বাড়লো। আগামী ২৭শে জুন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলো মন্ত্রিসভা।
মন্ত্রিসভা বৈঠকে অংশ নেয়া একজন মন্ত্রী ছুটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই মন্ত্রী জানিয়েছেন, একদিন (২৭শে জুন) ছুটি বাড়ানো হয়েছে।
এতে এবার ঈদে আগামী ২৭ শে জুন থেকে ১লা জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯শে জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ শে জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৯শে জুন (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী বুধবার (২১শে জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ৩০ শে জুন।
এর আগে ঝামেলাহীন যাতায়াতের মাধ্যমে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন (২৭শে জুন) বাড়ানোর সুপারিশ করে।
জনতার আওয়াজ/আ আ