খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১১, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাতনামা যুবকের প্রবেশের চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি।

রবিবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই আহ্বান জানান।

তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। দীর্ঘদিন গুরুতর অসুস্থ হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেনো এত দুর্বল রাখা হয়েছে সেটি জেনে দেশবাসী বিস্মিত।

বিএনপির এই নেতা বলেন, তার মতো একজন জনপ্রিয় নেত্রী, যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তার নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কীভাবে একজন অজ্ঞাতনামা যুবক কেবিনের ভেতরে ঢোকার চেষ্টা চালায় সেটি অত্যন্ত রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি করেছে।

তিনি বলেন, হাসপাতালে বেগম খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা কোনো গভীর চক্রান্তের অংশ কিনা সেটি নিয়েও মানুষের মাঝে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে। আমি এই ঘটনায় বিচলিত ও গভীর উদ্বেগ প্রকাশ করছি।

এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জোর আহ্বান জানান রিজভী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ