ঘাটাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার পৌর এলাকায় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর হাই স্কুল খেলার মাঠ থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি মনজুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে লুৎফর রহমান খান আজাদ বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দলটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের অধিকার আদায় ও দেশাত্মবোধক কাজ আবারও বিএনপির মূল লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘পিআর পদ্ধতি সংবিধানে নেই। তাই আমরা গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন চাই।’ লুৎফর রহমান খান আজাদ এ উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং ঘাটাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক।
জনতার আওয়াজ/আ আ