জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ সিনিয়র নেতারা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

শ্রদ্ধা জানানোর পর নেতারা তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। পরে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলেও অংশ নেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, লুৎফুজ্জামান বাবর, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, মীর নেওয়াজ আলী, মীর আলী নেওয়াজ, সাইফুল আলম নিরব, তাইফুল ইসলাম টিপু, এসএম জাহাঙ্গীর, আমিনুল হক, তানভীর আহমেদ রবিনসহ আরও অনেকে।

এর আগে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আসেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের পরনে ছিল কালো ব্যাজ। মিছিলে ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘জিয়া তোমায় ভুলিনি, ভুলব না’—এমন নানা স্লোগান শোনা যায়।

দলের অঙ্গ ও সহযোগী সংগঠন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতিদল, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল, ডক্টরস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ও সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষ থেকেও আলাদাভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মাজারে শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এর মধ্যে রয়েছে মানিক মিয়া এভিনিউর টি অ্যান্ড টি কলেজ, হাইকোর্ট মাজার, গুলশান-২ ঢাকা সিটি মার্কেট, বাসাবো খেলার মাঠ, ধানমন্ডি আবাহনী মাঠ, কেএফসি, কলাবাগান, ঢাকা মেডিকেল কলেজ, ও নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন স্থান।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে (২৬ মে) থেকে (২ জুন) পর্যন্ত আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। সকালেই কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

এ উপলক্ষে দলীয়ভাবে পোস্টার, পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যুব দলের উদ্যোগে খোলা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। দিনব্যাপী এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা দুস্থ রোগীদের দেখছেন ও বিনামূল্যে ওষুধ দিচ্ছেন।

প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রামের সার্কিট হাউজে একদল সেনা সদস্যের গুলিতে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি দিনটিকে ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে আসছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ