ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান।
ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে নোটিশটি পাঠানো হয়। এতে নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সোমবার রেজিস্ট্রি ডাকযোগে একটি নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, দেশে হঠাৎ করে বিলুপ্তপ্রায় রোগ হাম আবারও ছড়িয়ে পড়েছে। এতে ইতিমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। পাশাপাশি বহু শিশু ও সাধারণ মানুষ হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, হামের মতো গুরুত্বপূর্ণ টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।
এছাড়া তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্ট সব উপদেষ্টা এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্ট সাবেক ব্যক্তিগত সহকারীদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম বলেন, আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহি এবং মানবাধিকার প্রতিষ্ঠার স্বার্থে তিনি এ নোটিশ প্রদান করেছেন।
জনতার আওয়াজ/আ আ