দুই দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে, তবে স্থান নির্ধারণ হয়নি: হারুন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আওয়ামী লীগ ও বিএনপি মহাসমাবেশের অনুমতি পাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। তবে এখনো স্থান নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি মহাসমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। আমার ধারণা তারা অনুমতি পাবে। তবে স্থানের বিষয়ে এখন বলা যাচ্ছে না। স্থানের বিষয়টি খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে তাদের।
হারুন অর রশীদ বলেন, আগামীকাল শনিবার রাজনৈতিক দলগুলোর মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে ঘিরে লাখ লাখ মানুষের জমায়েত হবে। এ কারণে আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখছি। ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের টহল টিম কাজ করছে।
জামায়াত ইসলামী সমাবেশের ডাক দিয়েছে। তারা যদি সমাবেশ করে তবে পুলিশের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন যদি না থাকে গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশের কথা বললেই তাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না।
কাকে কোথায় দিতে হবে সেটি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিচার-বিশ্লেষণ করে দেখবেন। ঢাকা শহরের নগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখেই সমাবেশের অনুমতি দেওয়া হবে।
নাশকতার কোনো আশঙ্কা আছে কিনা জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ঝুঁকির কথা বিবেচনা করেই থানা পুলিশ, ডিবি পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। লাখ লাখ মানুষ ঢাকায় ঢুকবে, এরমধ্যে তৃতীয় কোনো লোক অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এজন্য আমাদের টহল পার্টি জোরদার আছে। বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে। ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, এটি আমাদের রুটিন ওয়ার্ক। আগামীকাল মহাসমাবেশ বলে মনে হচ্ছে এরেস্ট হচ্ছে। তবে তা নয়, সব সময়ই এ ধরনের এরেস্ট হয়। যার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে তাকে আমরা আজকেও গ্রেপ্তার করবো, কালকেও করবো ভবিষ্যতেও করবো।
জনতার আওয়াজ/আ আ