নতুন করে কোনো সমস্যা দেখা দিলে আগামী শনি-রোববার বাসায় যেতেপারেন খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন করে কোনো সমস্যা দেখা দিলে আগামী শনি-রোববার বাসায় যেতেপারেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৫, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৫, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার অন্যান্য রোগগুলো মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে লিভার ও কিডনি জটিলতা বেশি ভোগাচ্ছে তাকে। এজন্য তাকে আরও কয়েকদিন হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে হবে।

বিএনপির একজন চিকিৎসক নেতা এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ম্যাডামের এখন লিভার ও কিডনি জটিলতা বেশি। চিকিৎসকরা ওষুধ দিয়ে সেটাকে নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করে যাচ্ছেন। তিনি মোটামুটি ভালো আছেন।

তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে তার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেনকে একাধিকবার ফোন করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডাম কেবিনে আছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে। ওনার শারীরিক অবস্থা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো নেই। আলহামদুলিল্লাহ। চিকিৎসকরা ওনাকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

চিকিৎসকরা বলছেন, নানা রোগে আক্রান্ত খালেদা জিয়া। বর্তমানে তার লিভার জটিলতা সবচেয়ে বেশি। এর বাইরে কিডনির সমস্যাও কিছুটা আছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। পাশাপাশি রিপোর্টগুলো মেডিকেল বোর্ডের চিকিৎসকরা পর্যালোচনা করছেন। সেই অনুযায়ী তাকে ওষুধ দেওয়া হচ্ছে। নতুন করে কোনো সমস্যা দেখা দিলে আগামী শনি-রোববার তাকে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেওয়ার একটা আলোচনা আছে।

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে বরাবরের মতো তার গৃহকর্মী ফাতেমাসহ দুইজন ব্যক্তিগত কর্মকর্তা আছেন।

উল্লেখ্য, হঠাৎ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে সোমবার (১২ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয়।

এর আগে সর্বশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ