বরিশালের গৌরনদীতে ৩ নারীকে পিটিয়ে আহত, বসতবাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ

জমি নিয়ে বিরোধের জেরধরে তিন নারীসহ আটজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামের। এ ঘটনায় শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) সকালে ওই গ্রামের বৃদ্ধ খালেক মোল্লা অভিযোগ করে জানান, দীর্ঘ ৫০ বছর যাবত বসতবাড়ির ২৯ শতক জমি দলিল ও রেকর্ডমূলে ভোগ দখল করে আসছেন। শুক্রবার বিকেলে ওই জমি নিজেদের দাবি করে একই বাড়ির আকবর মোল্লা, জাকির মোল্লা, মিরাজ মোল্লা ও মেহেদী মোল্লাসহ তাদের ৭/৮জন সহযোগী হামলা চালিয়ে তাদের (খালেক মোল্লা গং) দুইটি বসতঘর ও একটি গাড়ির গ্যারেজ, দুইটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ভাংচুর করে।
বসতঘর ভাঙচুরের সময় বাঁধা দেওয়ায় তার (খালেক মোল্লা) বৃদ্ধ স্ত্রী কুলসুম বেগম, পুত্রবধু নারগিস বেগম, ভাতিজী নাইমা সহ আটজনকে পিটিয়ে আহত করা হয়। গুরুত্বর অবস্থা তিনজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনতার আওয়াজ/আ আ