বিএনপির কার্যালয় ঘিরে নেই নেতাকর্মীর আনাগোনা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির কার্যালয় ঘিরে নেই নেতাকর্মীর আনাগোনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১২, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১২, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

নেতাকর্মীশূন্য নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। চতুর্থ দফার অবরোধেও কার্যালয় ঘিরে নেই কোনো নেতাকর্মীর আনাগোনা। এমনকি অবরোধের সমর্থনেও কার্যালয়ের সামনে কিংবা এই এলাকা কোনো ধরনের কর্মসূচিও পালন করেননি তারা। তবে বরাবরের মতোই কার্যালয়টির সামনে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আজ রোববার (১২ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন দৃশ্যই দেখা যায়।

২৯ অক্টোবর থেকে আজ পর্যন্ত দীর্ঘ ১৫ দিন ধরেই তালাবদ্ধ কার্যালয়টির দুইটি কলাপসিবল গেট। নেতাকর্মীরা দূরে থাক রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীরাও এই কয়দিনের মধ্যে কার্যালয়ের ধারেকাছে আসেননি। কার্যালয়টির ডান পাশের পূবালী ব্যাংকের সামনে এবং বাম পাশে হোটেল ভিক্টরির সামনে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। রাখা আছে ব্যারিকেডও।

কার্যালয়ের আশপাশ ঘুরে দেখা গেছে সামনের ফুটপাতটিও বন্ধ। মানুষজন চলাচল করছেন সড়ক দিয়ে। রিকশা, সিএনজি, ব্যক্তিগত গাড়ি ছাড়া নেই কোনো গণপরিবহন। আশপাশের অধিকাংশ দোকানই বন্ধ।

অন্যদিকে চতুর্থ দফা সর্বাত্মক অবরোধের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে ঝটিকা মিছিল করেছেন দলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গতমাসের শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগেও গত ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি। এরপর দ্বিতীয়, তৃতীয় দফার অবরোধ কর্মসূচি শেষে আজ চতুর্থ দফার অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ