ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৪৪০ আশ্রয়প্রার্থী উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৪৪০ আশ্রয়প্রার্থী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

ভূমধ্যসাগর থেকে ৩৩৯ অভিবাসীকে উদ্ধার করে ইটালির দক্ষিণের বন্দর ব্রিন্ডিসিতে নিয়ে এসেছে মানবিক সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্স (এমএফএস) পরিচালিত জাহাজ জিও ব্যারেন্টস৷ শুক্রবার সংস্থাটি এই তথ্য জানিয়েছে৷

বুধবার ভূমধ্যসাগরে ১১ ঘণ্টার অভিযান শেষে মোট ৪৪০ অভিবাসীকে উদ্ধার করে জাহাজটি৷ এই অভিবাসীরা ছোট ছোট নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে ইটালি পৌঁছানোর চেষ্টা করছিলেন৷ এর মধ্যে প্রায় ১০০ জনকে ইটালি কর্তৃপক্ষ তাদের নৌবাহিনীর জাহাজে তুলে নেয়৷ বাকিদের ব্রিন্ডিসিতে পৌঁছে দেয় জিও ব্যারেন্টস৷ অভিবাসীরা সিরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, সোমালিয়া ও শ্রীলংকার নাগরিক বলে জানিয়েছেন এমএফএস৷

অভিবাসীদের দেয়া তথ্য অনুযায়ী, লিবিয়ার বেনগাজি থেকে কাঠের নৌকায় করে তারা ১ এপ্রিল রওনা করেন৷ উদ্ধারের আগে চারদিন তারা সমুদ্রে ভেসেছেন৷ এর মধ্যে শেষ দুইদিন তাদের কাছে খাবার ছিল না৷

ইটালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, উপকূলে পৌঁছানোর আগে এক ব্যক্তিকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে মাল্টায় নেয়া হয়৷ তিনি পানিশূন্যতা জনিত সমস্যায় ভুগছিলেন৷ এছাড়াও পুড়ে যাওয়া এবং হাড় ভেঙে যাওয়ার কারণে তিনজনকে চিকিৎসা দেয়া হয়েছে৷

উন্নত জীবনের আশায় প্রতিবছর বিপুল অভিবাসী বিপজ্জনক উপায়ে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন৷ ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে চলতি বছর এই সংখ্যা ১৮ হাজারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় চারগুণ বেশি৷ ইটালিতে আসা এই অভিবাসীরা মূলত লিবিয়া ও টিউনিসিয়ার উপকূল থেকে ছোট নৌকায় রওনা দেন, যা উত্তাল সমুদ্রে যাতায়াতের উপযুক্ত নয়৷ যে কারণে প্রায়ই নৌকা ডুবে প্রাণহানি বা নিখোঁজের ঘটনা ঘটছে৷
সূত্র: ডয়চেভেলে

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ