ভোটের আগের দিন রাজধানীতে গণপরিবহনের দেখা নেই
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
ভোটের আগের দিন রাজধানীতে গণপরিবহনের দেখা নেই। কিছু ব্যক্তিগত যানবাহন চলাচল করলেও তা খুবই সীমিত। এছাড়া সিএনজি, মোটরসাইকেলও তুলনামূলক কম। অন্য দিনের তুলনায় সড়কে এদিন মানুষের উপস্থিতিও ছিল খুবই কম। যারা বাহিরে বের হয়েছেন তাদের মধ্যেও এক প্রকার আতঙ্ক বিরাজ করছে।
সকালে রাজধানীর বাসাবো, মৌচাক, বাংলামোটর, কাওরানবাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুর ১০, মিরপুর ২, ধানমণ্ডি, নিউমার্কেট, আজিমপুর, শাহবাগ, সাইন্সল্যাবসহ বিভিন্ন এলাকায় তেমন গণপরিবহন দেখা যায়নি। বাসের জন্য কিছু মানুষকে সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের পাহারা দেখা গেছে।
দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপিসহ বিরোধী দলগুলো দেশব্যাপী দু’দিনের হরতালের ডাক দেয়। এছাড়া হরতালের আগে শুক্রবার রাতে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসওয়ে ট্রেনে অগ্নিসংযোগে ৪ জনের মৃত্যু হয়। ভোটের আগে দেশব্যাপী বিভিন্ন কেন্দ্রে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় অনেকের মৃত্যু হয়। এসব কারণে সড়কে গণপরিবহণ কম বলে জানিয়েছেন দু-একজন বাস চালক ও পথচারীরা।
তারা বলছেন, দেশব্যাপী বিভিন্ন নাশকতার ঘটনা তাদের মনে উদ্বেগ সৃষ্টি করেছে। সড়কে বের হলে নিরাপত্তাহীনতায় থাকতে হয় তাদের। সাধারণ মানুষের মধ্যেও এসব কারণে গভীর আতঙ্ক বিরাজ করছে।
জনতার আওয়াজ/আ আ