ময়মনসিংহ ১০ : পেশীশক্তি প্রদর্শনের বদনাম ঘোচাতে চায় ভোটাররা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ ১০ : পেশীশক্তি প্রদর্শনের বদনাম ঘোচাতে চায় ভোটাররা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ৩:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ৩:৩২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

গফরগাঁও উপজেলার একটি পৌরসভা, ১৫টি ইউনিয়ন ও পাগলা থানা নিয়ে ময়মনসিংহ-১০ আসন গঠিত। এ আসনে পেশীশক্তি ব্যবহারের একটি ঐতিহ্য সৃষ্টি হয়েছে। তবে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যারা পেশীশক্তি প্রদর্শন করবে, তাদেরকেই বয়কট করার ঘোষণা দিয়েছেন ভোটাররা। এ বদনাম ভোটের মাধ্যমে ঘোচাতে চায় সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে সবাই। এমন প্রত্যাশায় বিএনপি’র একাধিক মনোনয়ন প্রত্যাশীরা মাঠে তুমুল প্রতিযোগিতা করছেন। একজন ক্লিন ইমেজের ব্যক্তিকে মনোনয়ন দেয়ার প্রত্যাশা করছে নেতার্মীরা। এদিকে, এদিকে, জামায়াত একক প্রার্থী ঘোষণা করলেও অন্য দলগুলোর তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।

বর্তমানে গফরগাঁও উপজেলা বিএনপি’র কোনো কমিটি নেই। এজন্য একাধিক গ্রুপে বিভক্ত নেতাকর্মীরা। একে-অপরকে ঘায়েল করতে নানা অপতৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এ আসনে ধানের শীষ পাওয়ার জন্য বিএনপি’র ছয়জন নেতা মনোনয়ন লড়াইয়ে মাঠে নেমেছেন। তারা হলেন- সাবেক দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা বিএনপি’র আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান, সাবেক দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোফাখ্‌খারুল ইসলাম (ডা. রানা), দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান বাচ্চু, মরহুম এমপি ফজলুর রহমানের ছেলে ও গফরগাঁও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুশফিকুর রহমান, দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট আল ফাতাহ্‌ খান। সবাই নিজ নিজ অবস্থান থেকে তৃণমূলে গণসংযোগ, সভা-সমাবেশ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।

প্রবীণ রাজনীতিবিদ শেখ মোহাম্মদ ইসহাক বলেন, এবারের নিবার্চনে আমরা একজন ক্লিন ইমেজের প্রার্থীকে নির্বাচিত করার পরিকল্পনা রয়েছে। সন্ত্রাসের জনপদ হিসেবে গফরগাঁওয়ের পরিচিতি রয়েছে। সেই বদনাম ঘোচাতে চাই। যদিও আগের তুলনায় সেই বদনাম কমেছে। দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোফাখ্‌খারুল ইসলাম রানা একজন ক্লিন ইমেজের ব্যক্তি। ছাত্রজীবনে ছাত্রদল পরে বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আওয়ামী লীগের দুঃশাসনের সময় হাজার হাজার মানুষকে চিকিৎসা সেবা দিয়ে সহযোগিতা করেছে। ফলে তার জনপ্রিয়তা অনেক বেড়েছে। আমি তাকে মনোনয়ন দেয়ার জন্য দাবি জানাই। তবে ধানের শীর্ষ প্রতীক যেই পাবে তার পক্ষে আমি সবাইকে কাজ করতে অনুরোধ করবো।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও থানা বিএনপি’র সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন বলেন, সাবেক উপজেলা বিএনপি’র আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমানকে মনোনয়ন দেয়ার জন্য দাবি জানাই। আওয়ামী লীগের দুঃশাসনের সময় তিনি ২ ডজন মামলার আসামি হন। প্রবীণ এ রাজনীতিবিদ ২০০১ সালে বিএনপি’র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। তবুও তিনি দল ছেড়ে যাননি। মাসে কমপক্ষে ৪ দিন এলাকাতে আসেন। নেতাকর্মীদের খোঁজখবর নেন। তিনি ত্যাগী ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে তাকে দল মনোনয়ন দেবে বলে আশাকরি। এদিকে, উপজেলা জামায়াতের আমীর ইসমাইল হোসেন সোহেলকে প্রার্থী ঘোষণা করেছে। তিনি স্থানীয়ভাবে সংগঠন পুনর্গঠন ও ভোটারদের সঙ্গে সম্পর্ক জোরদারে ইউনিয়নভিত্তিক গণসংযোগ শুরু করেছেন। অল্প সময়ে নিজম্ব বলয়ে ভালো অবস্থান গড়ে তুলেছেন। ইসলামী সংগঠনগুলো তাকে সমর্থন দিলে বিএনপি’র প্রার্থীর সঙ্গে লড়াই হবে। অপরদিকে সাধারণ ভোটারদের মাঝেও নির্বাচনের আমেজ লেগেছে। চায়ের দোকানে বেড়েছে নির্বাচনের আলাপ। এ বিষয়ে রিকশাচালক মো. জসিম উদ্দিন বলেন, আমি গরিব মানুষ। রিকশা চালিয়ে কোনো রকম সংসার চালাই। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আর চাই না কেউ আমার ভোটের অধিকার কেড়ে নিক। সরকার দ্রুত ভোটের অধিকার ফিরিয়ে দিক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ