‘শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ'লীগ নেতা-কর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগ নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ যেকোনো ব্যক্তি নির্ধারিত শর্ত ও আইনগত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে সরকার। তবে নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী দলীয় পরিচয় বা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে প্রচার চালাতে পারবেন না।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ কথা জানান।

উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ফলে কোনো ব্যক্তি যদি নির্বাচন করতে চান এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করেন, তাহলে তার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না।

তিনি বলেন, কোনো ব্যক্তি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তিনি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং নির্বাচনি প্রচারে আওয়ামী লীগ বা দলটির রাজনৈতিক অবস্থানকে সামনে না আনেন, তাহলে নির্বাচনে অংশগ্রহণে সমস্যা নেই। তবে নির্বাচনি প্রচারে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বক্তব্য দেওয়া বা দলীয় পরিচয় ব্যবহার করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

আওয়ামী লীগের নেতা বা পদধারীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, দলটির সাংগঠনিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকায় কোনো পদ-পদবি ব্যবহার করার সুযোগ নেই। তবে ব্যক্তি হিসেবে কেউ নির্বাচনের জন্য নির্ধারিত শর্ত পূরণ করলে তিনি প্রার্থী হতে পারবেন।

সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে অংশগ্রহণমূলক ও উন্মুক্ত রাখতে চায় সরকার। সে কারণে ব্যক্তি পর্যায়ে যোগ্য প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার কোনো নীতি সরকারের নেই।

মামলা থাকা কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেন, বিদ্যমান আইন অনুযায়ী অনেক ক্ষেত্রেই মামলা থাকলেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকে। এ বিষয়ে সরকার আলাদাভাবে কোনো বাধা সৃষ্টি করবে না। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, নির্বাচনে অংশ নিতে হলে সবাইকে নির্দলীয় পরিচয়ে এবং প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের বিধিবিধান অনুসরণ করেই নির্বাচনি মাঠে নামতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ