শুধু দল পরিবর্তন করে ক্ষমতায় বসালেই গণতন্ত্র অর্জিত হবে না : মান্না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ২৫, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ২৫, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা শুধু সরকার পরিবর্তনের কথা বলছি না। আমরা যাত্রাটা শুরু করেছি এ বলে যে, সরকার এবং শাসন ব্যবস্থার জন্য একইসঙ্গে লড়াই করতে চাই। সেজন্য আমরা দফা দিয়ে শুরুতেই বলেছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। তা না হলে কেবল মাত্র একটা দলের পরিবর্তে আরেকটা দলকে ক্ষমতায় বসানোর মধ্য দিয়ে গণতন্ত্র অর্জিত হবে এ রকম আশা আমরা জনগণের মধ্যে জাগ্রত করতে চাই না।
রোববার (২৫ জুন) প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে সরকারের প্রধান একেবারে নিখাদ একটা বানোয়াট কথা বলতে পারেন যে আমি ক্ষমতায় থাকতে পারি যদি আমি সেন্ট মার্টিন দিতে রাজি হই। সেই কথা বলার ২৪ ঘণ্টা আগেই দেশটির ঢাকা অফিস থেকে বলা হয়েছে যে, আমরা দেশের সার্বভৌমত্বকে সম্মান করি এবং আমরা এরকম কোন জিনিস আপনাদের কাছে চাইনি। তারপরেও তাদের কোনো লজ্জা হয় না। সরকার সে সম্পর্কে কোনো সংশোধনী দেয় নি, আগের মতোই মিথ্যা কথা বলে চলেছে।
তিনি বলেন, একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে, ভারতে গিয়ে বলেছিলাম অন্তত আরেকবারের জন্য শেখ হাসিনার সরকারকে রাখেন। কতটা নির্লজ্জ হলে একটা সরকারের মন্ত্রী এ রকম করতে পারে। দেশের এ সংকট নিরসনের জন্য আমাদের আরও ঠান্ডা মাথায় ভাবতে হবে। যে শান্তিপূর্ণ পথে এ সংকট উত্তরণের কোনো ব্যবস্থা করা যায় কিনা।
জনতার আওয়াজ/আ আ