সচেতন জনতা পাতানো খেলায় কোনোভাবেই পা দেবে না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ৩:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ৩:১৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা বলেছেন, ‘সরকা নির্বাচনকে প্রতিপক্ষহীন ও প্রতিদ্বন্দ্বিতামুক্ত রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি উপেক্ষা করে নির্বাচনের নামে কানামাছি খেলা শুরু করেছে। সচেতন জনতা পাতানো খেলায় কোনোভাবেই পা দেবে না এবং সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন যেকোনো মূল্যে রুখে দেবে।’
শুক্রবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল পূর্ব থানা আয়োজিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আব্দুর রহমান মূসা বলেন, ‘সারাদেশের মতো রাজধানী ঢাকাতেও শীতের প্রকোপ বৃদ্ধি পেলেও শীতার্ত মানুষের দূর্দশা লাঘবে সরকারের কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। তারা তামাশা ও ভাঁওতাবাজীর মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু জামায়াত একটি গণতান্ত্রিক, আদর্শবাদী, গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসাবে শীতার্ত মানুষের দূর্দশা লাঘবে সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছে। কিন্তু রাষ্ট্রের প্রয়োজন ব্যক্তি বা সাংগঠনিক পর্যায়ে সমাধান করা সম্ভব নয়। তাই গণমানুষের সকল সমস্যা সমাধানে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার কোনো বিকল্প নেই।’
তিনি দেশকে ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে শরিক হওয়ার জন্য সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতেই দেশে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করেছে। তারা দেশের জনপ্রশাসন ও বিচারবিভাগসহ সকল জাতীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ফেলেছে।’
তিনি সকলকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানান।
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য এ হোসেন ও আবু সাদিক প্রমুখ।
তেজগাঁও থানা উত্তর
তেজগাঁও থানা উত্তরের উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে স্থানীয় ইয়াতিম ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। থানা আমির হাফেজ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এবং প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি নাসিবুল হক, থানা কর্মপরিষদ সদস্য এনামুল হক ও সাইফুল ইসলাম প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
জনতার আওয়াজ/আ আ