সাপ্তাহিক জনজীবন এর প্রতিষ্ঠাতা-সম্পাদক আলহাজ্ব ছমির উদ্দিনের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ১৯, ২০২৩ ২:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ১৯, ২০২৩ ২:৪৩ পূর্বাহ্ণ

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন
ব্রিটিশ বাংলা জার্নালিস্ট ইউনিয়ন ইউকে-র প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট, সাপ্তাহিক জনজীবন এর প্রতিষ্ঠাতা-সম্পাদক আলহাজ্ব ছমির উদ্দিন আজ বুধবার ১৮ অক্টোবর, বিকেল ৩ টায় হোয়াইট চ্যাপেলের রয়েল লন্ডন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আগামী শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে বাদ জুম্মাহ জানাজা শেষে লন্ডনে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তিনি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি যুক্তরাজ্য শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন একজন সজ্জন, নিষ্ঠাবান সমাজকর্মী, সাংবাদিক, আধুনিক মনস্ক ও পরহেজগার ব্যক্তি।
স্বাধীনতা ও বাঙালি জাতিরাষ্ট্রের রূপকার সিরাজুল আলম খান এর একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। তার ধ্যান ধারণা ছিলো শোষণহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের মুক্তি। তিনি ছিলেন একজন সমাজসচেতন-রাজনৈতিক ব্যক্তিত্ব।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাদ্বয় ও অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তাঁর এই আকম্মিক মৃত্যুতে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহি আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।
জনতার আওয়াজ/আ আ