সামনের দিনগুলো সহজ নয়, কঠিন সময় অপেক্ষা করছে: তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সামনের দিনগুলো সহজ নয়, কঠিন সময় অপেক্ষা করছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন, “সামনের দিনগুলো ভালো নয়, আমাদের জন্য অনেক কঠিন সময় অপেক্ষা করছে” এবং সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমি গত ৫ আগস্ট থেকে বারবার বলেছি, আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে দেশের জনগণ, আর জনগণকে সঙ্গে নিয়ে রুখে দিতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী। একমাত্র উপায় হলো গণতন্ত্র—গণতন্ত্র এবং গণতন্ত্র। যদি আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি, যেকোন মূল্যে জনগণের মতামতে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারব।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “ষড়যন্ত্রকে রুখে দিতে পারলেও তারপরেও সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে।”

দুর্নীতি ও আইনশৃঙ্খলা সম্পর্কে বিএনপির অবস্থান সম্পর্কে তারেক রহমান বলেন, “দুর্নীতি ও আইনশৃঙ্খলা—এই দুই বিষয় আমাদের প্রথমে সমাধান করতে হবে। যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। সরকার গঠনের সুযোগ পেলেই আমাদের নজর দিতে হবে এবং ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “যদি আমরা দুর্নীতি এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে মানুষের স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, কৃষি ব্যবস্থা—প্রত্যেকটি পরিকল্পনা বাধাগ্রস্থ হবে।”

কিছু দল ফ্যাসিস্টদের সুরেই গান গাইছে মন্তব্য করে তিনি বলেন, “কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে। তবে তারা বুঝতে পারছে না, যাদের তারা নিয়ে কথা বলছে তারা ইতিমধ্যেই নেই। তাদের প্রতি পরিপূর্ণ সম্মান রেখে বলতে চাই, তারা শেষ দিন পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে ছিলেন।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারের সময় আদালতকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল, কিন্তু এখন আদালত নিরপেক্ষ। আমাদের উপসংহার, একমাত্র বিএনপি পেরেছে দেশকে দুর্নীতির হাত থেকে বের করে আনতে। ইনশাআল্লাহ আগামী দিনেও পারবে।”

তারেক রহমান আরও বলেন, “১৯৭১ সালে তারা নিজেদের স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। এই কথাটি আমাদের মনে রাখতে হবে।”

কিছু দলের জান্নাত গ্যারান্টি দেয়া প্রসঙ্গে তিনি বলেন, “কিছু ব্যক্তি বা দল টিকিট বিক্রি করছে বা বিভিন্ন কনফার্মেশন দিচ্ছে। যেটি আমার না, সেটি দেবার চেষ্টা করলে শিরিকের পর্যায়ে পড়া যায়। দুনিয়ার সবকিছুর মালিক আল্লাহ, তাই কেবল তিনি তার বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন।”

ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে এবং বোঝাতে হবে যে যারা এইসব কথা বলছে, তারা শিরিক হচ্ছে। যার অধিকার একমাত্র আল্লাহর, সেটি একমাত্র আল্লাহর।”

তারেক রহমান বলেন, “আমাদের লক্ষ্য একটাই— দেশকে গড়ে তোলা। শহীদ জিয়া এটি করেছেন, নব্বইয়ের পর স্বৈরাচারের পর দেশনেত্রী খালেদা জিয়া ধ্বংসপ্রাপ্ত দেশকে আবার উপরে তুলেছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

তিনি বলেন, “বিএনপি বাংলাদেশকে অন্য দেশের অনুকরণে গড়ে তুলতে চায় না। আমরা চাই স্বাবলম্বী বাংলাদেশ, যেখানে দেশের মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানে থাকবে, শান্তিতে থাকবে, দুর্নীতি নিয়ন্ত্রণে থাকবে এবং দুর্নীতির লাগাম টানা সম্ভব হবে।”

ছাত্রদলকে মানুষের দ্বারগোড়ায় যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে। বোনদের, কৃষক ও যুবকদের জানাতে হবে আমরা তাদের জন্য কী করতে পারি। একসাথে কাজ করলে ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।”

এছাড়াও তিনি বলেন, “অনেক সময় লাগবে, কষ্ট হবে, অনেক শত্রু আছে যারা বাধা দেবে, কিন্তু দেশের মানুষকে কেউ বাধা দিতে পারবে না। ইনশাআল্লাহ দেশ গড়ার পরিকল্পনা আমরা সফল করব।”

‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় বিএনপির জিয়া উদ্দিন হায়দার, আবদুল মজিদ, আমিনুল হক, মীর শাহে আলম, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ বক্তব্য রাখেন। পরে ছাত্র দলের নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আলোচকরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ