সাহারা খাতুনকে অনুকরণ করতে বললেন মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুনকে অনুকরণ করতে মহিলা আওয়ামী লীগের প্রতি নির্দেশ প্রদান করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।
তিনি বলেন, সাহারা খাতুনকে অনুকরণ করা খুবই কঠিন। মহিলা আওয়ামী লীগ যদি তার দেখানো পথে হাটে তাহলে আওয়ামী লীগ অনেক উপকৃত হবে।
মঙ্গলবার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাপ্তাহিক গণবাংলার উদ্যোগে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বেগম মতিয়া চৌধুরী বলেন, দলের খারাপ ও বৈরী সময়ে সাহারা খাতুন দল থেকে মুখ ফিরিয়ে নেয়নি। আওয়ামী লীগে আজকে সাহারা খাতুনের মতো নেত্রী দরকার। রাজনীতিতে সাহারা ছিল সততা এবং নিষ্ঠার মূর্ত প্রতীক। সে খুবই নিষ্ঠাবান ছিল। আজকে সাহারার মহত্ত্ব অনেক।
এসময় আলোচনা সভায় বক্তারা সাহারা খাতুনের স্মৃতিচারণ তুলে ধরে বলেন, তিনি খুবই ভালো মানুষ ছিলেন। যেকোনো সময় তিনি নেতাকর্মীদেরকে সাহায্য করে গেছেন। তার মতো নেতা আওয়ামী লীগে খুবই প্রয়োজন।
আওয়ামী লীগ নেতা এম এ করিমের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ড. মো. জগলুল কবিরের সঞ্চালনায় এবং বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব মো. হুমায়ুন কবির মিজি’র সহযোগিতায় আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিমান মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের খান, শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রেহানা খানম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শবনম জাহান শিলা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিরিন নাঈম পুনম, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য লায়ন মশিউর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনিসুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরসহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ