সিন্ডিকেটের কারনে টিকিট মূল্য উর্ধ্বগতি, প্রবাসীদের চরম দুর্ভোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিন্ডিকেটের কারনে টিকিট মূল্য উর্ধ্বগতি, প্রবাসীদের চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ২:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ২:২২ অপরাহ্ণ

 

এম এনাম হোসেন, ইউএই

বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিট্যান্স যোদ্ধা আছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে। আমিরাতের রাজধানী আবুধাবি হলেও বাণিজ্যিক শহর হিসেবে দুবাই সবচেয়ে জনপ্রিয় ও জনবহুল শহর। দুবাই হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসা কেন্দ্র। বাংলাদেশ থেকে প্রতি বছর বহুসংখ্যক মানুষ দুবাই হয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে থাকেন। এ ছাড়া বহুসংখ্যক বাংলাদেশি দুবাইয়ে বিনিয়োগ করে গড়েছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান।

আমিরাত থেকে আকাশপথে বাংলাদেশের দূরত্ব ৩৫০০-৩৭০০ কিলোমিটার। এ দূরত্ব পাড়ি দিতে বিমানের সময় লাগে সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা। প্রতিদিন বিভিন্ন এয়ারলাইন্সে পাড়ি দিচ্ছেন আমিরাত প্রবাসীরা। কিন্তু বিমান টিকিটের উচ্চমূল্যের কারণে অনেক প্রবাসীর জীবনে কালো অধ্যায় নেমে এসেছে। আমিরাতের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর আবুধাবী, দুবাই ও শারজাহ থেকে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বা সিলেটের উদ্দেশে বিমানের ইকোনমি ক্লাসের একটি টিকিট কিনতে সর্বনিম্ন ২০ হাজার থেকে ৩৫ হাজার টাকা গুনতে হয়। তবে যদি বাংলাদেশ থেকে বিমানের একটি টিকিট কিনে আমিরাতে আসতে চান আপনাকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা অবধি গুনতে হবে।

আর যদি আপনি ভ্রমণের ১ সপ্তাহের মধ্য দুবাই টু ঢাকা পৌঁছাতে চান তাহলে এর টিকিট মূল্য হবে ৩০ হাজার থেকে শুরু করে এয়ারলাইন্স ভিত্তিক নির্ধারিত প্রায় লাখ টাকা। সরাসরি ফ্লাইটে না গিয়ে যদি তৃতীয় দেশ হয়ে আমিরাত থেকে বাংলাদেশে যান তাহলে টিকিট ১৫ হাজার থেকে ২৫ হাজারে কিনতে পারবেন। বাংলাদেশের পাশেই ভারতের কলকাতা বিমানবন্দর। আমিরাত থেকে দূরত্ব ৩৩০০-৩৫০০ কিলোমোমিটার। দুবাই থেকে কলকাতা যেতে সময় লাগে ৪ থেকে ৫ ঘণ্টা। আমিরাত থেকে কলকাতা যেতে বিমানের একটি টিকিটের মূল্য ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা।

বাংলাদেশি অনেক সাধারণ শ্রমিক বহুদিন ধরে দুবাই বসবাস করেন, তাদের বেতনও সীমিত থাকে। বাংলাদেশে যাওয়ার জন্য শুধু বিমানের টিকিট কিনতেই হাতের টাকা খরচ করে ফেলেন, ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবারের জন্য কিছুই নিতে পারেন না, ফিরেন খালি হাতে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউএস বাংলা এর এক কর্তকর্তা জানান, বিমানে টিকিট বুকিং করার সময় ক্যাটাগরি অনুযায়ী টিকিটের মূল্য কম অথবা বেশি হতে পারে। বিভিন্ন এয়ারলাইন্স তাদের নির্দিষ্ট ক্যাটাগরিতে টিকিট বিক্রি করে থাকে তাই টিকিটের মূল্য পার্থক্য থাকে। মধ্যখানে টিকিটের সিন্ডিকেট ভেঙে যাওয়ায় টিকিটের মূল্য অনেক হ্রাস পেয়েছিল। বর্তমানে আবারো টিকিটের দাম বেড়েছে। আমিরাত প্রবাসী সিলেটের বাসিন্দা জুয়েল মিয়া বলেন, বিমানের উচ্চমূল্যের কারণে আমরা অনেকেই দেশে এসে বিপাকে পড়েছি। দুবাই থেকে আসার সময় তৃতীয় দেশ হয়ে একক টিকিট করে এসেছিলাম মাত্র ১৫ হাজার টাকা দিয়ে। কিন্তু এখন দুবাইতে ফেরত যাব, আগামী ১৫ সেপ্টেম্বরের ঢাকা-দুবাই ইউএস বাংলা এয়ারলাইন্সে টিকিটের দাম বলছে ৬০ হাজার টাকা আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১ লাখ ৫ হাজার টাকা। এত টাকা দিয়ে টিকিট কেটে কীভাবে আবার দুবাইতে যাব সেটাই এখন চিন্তার বিষয়।

আজমান প্রবাসী নোয়াখালীর পারভেজ হোসাইন বলেন, ঈদের পরে ৭০ হাজার টাকা দিয়ে বিমানের রিটার্ন টিকিট নিয়ে দেশে এসেছিলাম। এখন চেয়েছিলাম আরো ১৫ দিন দেশে থাকতে কিন্তু টিকিট চেঞ্জ করতে গেলে আমাকে আরো ২৫ হাজার টাকা গুনতে হবে। তাই আগামী ১০ সেপ্টেম্বর চলে যাব।

টিকিটের উচ্চমূল্য ও বিমান বাংলাদেশের টিকিটের বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইয়ের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানা জানান, আমিরাত থেকে বাংলাদেশে যেতে বিমান বাংলাদেশের একটি টিকিট ৫০ কেজি ব্যাগেজ ও ৭ কেজি হাতব্যাগসহ দাম ২৭থেকে ৩০ হাজারের মধ্যে পাবেন। যদি বিনা ব্যাগেজে মানে শুধু হাতব্যাগ নিয়ে যান তাহলে ২০ হাজার টাকায় পাবেন।

অপরদিকে বাংলাদেশ থেকে আমিরাতে আসতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম ১ লাখ টাকার ওপরে এবং বিমানের টিকিট পাচ্ছেন না অনেকেই অভিযোগ করছেন। জুন-জুলাইয়ে যারা আমিরাত থেকে ছুটিতে গিয়েছেন তারা এখন ফেরত আসছেন। সেপ্টেম্বর-অক্টোবরে লো-ক্যাটাগরির টিকিট সব বিক্রি হয়ে যাওয়ায় শুধু বিজনেস ক্লাস টিকিট থাকায় দাম অনেকটা বেশি। অক্টোবরের ১০ তারিখ পর্যন্ত ঢাকা থেকে দুবাই রোডের একটা সিট ও খালি নেই।

বাংলাদেশের একজন টিকিট বিক্রয়কারী প্রতিনিধি সাকিব আহমেদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ থেকে আমিরাত যেতে ইউএস বাংলা বা এয়ার এরাবিয়ার টিকিট সম্ভায় পাওয়া যায়। কিন্তু বিমান বাংলাদেশের টিকিট পাবেন না, এর পেছনে অবশ্যই সিন্ডিকেট আছে।

আকাশপথে টিকিটের দাম নিয়ে প্রবাসীদের মনে অসন্তোষ বেড়েই চলছে। প্রবাসীরা বলছেন, এয়ারলাইন্স ও সিন্ডিকেটের কারণেই টিকিটের এত দাম দিন দিন বেড়েই চলছে। এভাবে চলতে থাকলে দেশে ছুটিতে যেতেই হিমশিম খেতে হবে। টিকিটের সিন্ডিকেট ভেঙে দিলে টিকিটের দাম প্রবাসীদের হাতের নাগালে চলে আসবে। বাংলাদেশ থেকে আমিরাতে আসতে বিমানের টিকিটে ৬০ হাজার থেকে লাখ টাকা দাম হাকাচ্ছে এয়ারলাইন্সগুলো- এ বিষয়ে জানতে চাইলে প্রবাসী সাংবাদিক কামরুল হাসান জনি বলেন, বরাবরই উড়োজাহাজের আকাশচুম্বী দাম আমাদের হতাশ করে। পার্শ্ববর্তী দেশে কিংবা অধিক দূরত্বের কোন কোন গন্তব্যের যাত্রীরাও কম দামে এয়ার টিকিট পান। অথচ আমাদের রেমিট্যান্স যোদ্ধারা এ একটি জায়গায় এসে স্বপ্ন-স্বাদ বিসর্জন দিতে হয়। অনেকেই আগ্রহ থাকার পরও স্বজনদের কাছে যেতে পারেন না; তাতে করে বৃদ্ধি পায় পারিবারিক কলহ, বিচ্ছেদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ