সোনারগাঁয়ে নির্বাচনী কাজে বাধা দেয়ার যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-২
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁয়ে নির্বাচনী কাজে বাধা দেয়ার অভিযোগে পৌর যুবলীগের সভাপতি আসাদ ও সাবেক কমিশনার শাহজালালকে গ্রেফতার করেছে পুলিশ। নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনারগাঁ পৌরসভার ১ নং ওয়ার্ডের দরপত এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, শনিবার উপজেলার দরপত ঠোটালিয়া এলাকায় সকাল থেকে সোনারগাঁও পৌর জাতীয় পার্টির নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগণকে সাথে নিয়ে প্রচার চালাচ্ছিল। এ সময় পৌর যুবলীগের সভাপতি আসাদসহ তার বাহিনী তাদের প্রচার চালাতে বাধা প্রদান করে। তাৎক্ষণিক ভাবে পুলিশ খবর পেয়ে যুবলীগের সভাপতি আসাদসহ আরেকজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী হাফেজ মাহমুদুল আনোয়ার বলেন, ওই এলাকায় আমাদের প্রচারণা ছিল। প্রচারণার সময় বাধা দেয় আসাদুল। পরে হাতাহাতির ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (খ’ সার্কেল) বিল্লাল হোসেন বলেন, আটককৃত ২জনই পুলিশ হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম রবিবার (২৪ ডিসেম্বর) জানান, গ্রেফতার ২ জনকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ