হোয়াটসঅ্যাপে আসবে দুর্গম এলাকার ভোটের ফল: ইসি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
এবারের নির্বাচনে দেশের দুর্গম এলাকার ফলাফল দ্রুত সময়ে পাওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। দেশের ২৫টি জেলার ৭২টি এলাকাকে দুর্গম হিসেবে চিহ্নিত করে এসব এলাকার ভোটের ফল সংশ্লিষ্টদের ভেরিফায়েড হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে নির্দেশ দিয়েছে সংস্থাটি। পাহাড়, উপকূল, হাওড় ও নদীবেষ্টিত কিছু এলাকাকে দুর্গম হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনটি পার্বত্য জেলা, পদ্মা, মেঘনা, যমুনা তীরবর্তী জেলা/উপজেলা, সমূদ্র তীরবর্তী উপকূলীয় জেলা/উপজেলার ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রীসহ ভোটগণনার বিবরণী রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে। তাই এসব ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবহৃত ওয়্যারলেসে প্রাপ্ত বার্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার ভেরিফায়েড হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাপ্ত ভোটগণনার বিবরণীর ইমেজ কপি পাঠানোর মাধ্যমে দ্রুত বেসরকারি প্রাথমিক ফলাফল প্রস্তুত ও পরিবেশন/ঘোষণার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
এর আগে নির্বাচন কমিশন দেশের ২৫টি জেলার ৭২টি এলাকাকে দুর্গম হিসেবে ঘোষণা দেয়। অন্যান্য এলাকায় নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানোর কথা বলা হলেও দুর্গম এলাকার জন্য বিষয়টি শিথিল রাখা হয়েছে। ভোটের আগের রাতেও ওইসব এলাকায় ব্যালট পেপার পাঠানো যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
দুর্গম হিসেবে চিহ্নিত এলাকাগুলো হলো-
কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর, গাইবান্ধার ফুলছড়ি, বগুড়ার সারিয়াকান্দি, সিরাজগঞ্জের চৌহলী, সদর (আংশিক) ও কাজীপুর, বাগেরহাটের সরণখোলা, খুলনার দাকোপ ও কয়রা, বরগুনার পাথরঘাটা ও তালতলী, পটুয়াখালীর রাঙ্গাবালী, ভোলার মনপুরা, বরিশালের হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ, নেত্রকোনার কলমাকান্দা, দূর্গাপুর, খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ, কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী, জামালপুরের ইসলামপুর।
এছাড়া মানিকগঞ্জের হরিরামপুর, ফরিদপুরের চরভদ্রাশন, সুনামগঞ্জের দোয়ারা বাজার, ধর্মপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই, বিশ্বম্ভরপুর ও তাহেরপুর, হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই (হাওড় বেষ্টিত), চাঁদপুরের হাইমচর, লক্ষ্মীপুরের রামগতি, নোয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ।
পাহাড়ি এলাকার মধ্যে খাগড়াছড়ির পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, গুইমারা, লক্ষীছড়ি, খাগড়াছড়ি সদর ও দিঘীনালা, রাঙ্গামাটির নানিয়ারচর, বরকল, বাঘাইছড়ি, রাঙ্গামাটি সদর, রাজস্থলী, লংগদু, কাউখালী, কাপ্তাই, জুরাছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবান জেলার থানছি, রোয়াংছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান সদর, রুমা ও লামা উপজেলা।
জনতার আওয়াজ/আ আ