ঢাকা ছাড়ছে মানুষ: সড়কে নেই যানজট, রেলে সামান্য ভোগান্তি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা ছাড়ছে মানুষ: সড়কে নেই যানজট, রেলে সামান্য ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৭, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৭, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঈদুর ফিতরের আরমাত্র দুই তিন দিন বাকী। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে রাজধানীবাসী। সড়ক ও রেলপথে বাড়ছে যাত্রী চাপ। স্বস্তির খবর হলো, যাত্রীচাপ বাড়লেও ঈদযাত্রায় মহাসড়কে নেই যানজট, নেই দুর্ভোগ। টার্মিনালে সেরকম ভিড় ছিল না। আসন ফাঁকা রেখেই ছেড়েছে অনেক বাস। তবে রেলের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এক যাত্রী বলেন, ‘অফিস ছুটি হয়ে গিয়েছে। আর কাউন্টারে টিকিট কাটতে গিয়ে কোনো বিড়ম্বনা হয়নি। এখন অপেক্ষা করছি বাসের জন্য।’

এক পরিবহন কর্মী বলেন, ‘যাত্রী নেই। ঈদের বাজার হিসেবে যাত্রীর চাপ কম।’

আজ মহাসড়কে বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায়, স্বাভাবিকের তুলনায় কিছু যানবাহন বেশি চলাচল করলেও মহাসড়কে কোনো যানজট দেখা যায়নি। এতে ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে বাড়ি যেতে পারছে উত্তর বঙ্গের মানুষ।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। শুক্রবার রাতে এ চাপ আরো বৃদ্ধি পায়। তবে শনিবার রাতে যানবাহনের চাপ আবার কিছুটা কমে আসে। এতে নির্বিঘ্নেই যাতায়াত করা যাচ্ছে।

বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় সেতু দিয়ে ২৫ হাজার ৮৪টি যানবাহন পার হয়েছে। গত শুক্রবার এই সংখ্যা ছিল ২৮ হাজার ৭১০।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, ‘গত শনিবার এলেঙ্গা–রংপুর মহাসড়কের সিরাজগঞ্জ অংশে ৩টি ওভারপাস এবং একটি সেতু খুলে দেওয়া হয়েছে, ফলে যানজট নেই। এবারের ঈদ যাত্রা অন্যান্য বছরের তুলনায় হবে অনেক আরাম দায়ক এবং আনন্দের।’

ভিড় নেই পাটুরিয়া ঘাটে

ঈদের আগ মুহুর্তেও যাত্রীবাহী যানবাহনের কোনো চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া–দৌলতদিয়া এবং আরিচা–কাজিরহাট নৌরুট ফেরিঘাটে। এতে ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ঘরে ফিরছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘পুর্ব প্রস্তুতি অনুয়ায়ী পাটুরিয়া এবং আরিচা ফেরিঘাটে মোট ২০টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। আশানুরুপ যানবাহন না আসায় ফেরিগুলো ঘাটে নোঙ্গর করে রাখা হয়েছে। আর যারা আসছে তারা অপেক্ষায় না থেকে স্বস্তিতে ফেরি পার হয়ে যাচ্ছে।’

শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘এখন ঘাটে যানবাহনের চাপ না থাকলেও গার্মেন্ট মালিকরা শ্রমিকদের ছুটি দিলে কিছুটা যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে পারে।’

ট্রেনে সামান্য ভোগান্তি

তবে ভিন্ন চিত্র ট্রেনে। দিনভর ভিড় ছিলো কমলাপুর স্টেশনে। ধূমকেতু, দ্রুতযান ও কুড়িগ্রাম এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন ছাড়ে দেরিতে। ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

টিকিট দেখিয়ে স্টেশনে ঢুকতে হয়েছে যাত্রীদের। ফলে, ট্রেনে অতিরিক্ত যাত্রী উঠার সুযোগ ছিলো না।

রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ্ আলম কিরণ শিশির বলেন, ‘মোট ৬৮ জোড়া ট্রেন যাতায়াত করবে এর মধ্যে ক্যান্টনমেন্ট থেকে দুই জোড়া যাতায়াত করবে। নীল সাগর ও চিলাহাটি। এটা বিমানবন্দরে যাত্রা বিরতি করবে না। আমাদের অতিরিক্ত কোচ আছে, অতিরিক্ত ইঞ্জিনও রাখা আছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ