শ্রমজীবী মানুষদের মধ্যে থেকে নেতৃত্ব বের করতে হবে: আখতার হুসেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪ ১১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪ ১১:২৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বৃহস্পতিবার (৬ জুন) আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নুতন সূর্য শিখা জ্বলবেই” এই স্লোগানকে ধারণ করে ১৩ দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজার সঞ্চালনায় ৪২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সংগীত রচয়িতা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা , বিশিষ্ট শিশু সাহিত্যিক আখতার হুসেন।
উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ও ৪২তম জাতীয় সম্মেলনের চেয়ারম্যান শাহরিয়ার ইব্রাহিম মিমো ও সাংগঠনিক সম্পাদক ও ৪২তম জাতীয় সম্মেলনের আহবায়ক রেজোয়ান হক মুক্ত।
উদ্বোধনকালে আখতার হুসেন বলেন, শিক্ষার মান নেমে গেছে। শিক্ষার মান উন্নয়নে, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আন্দোলন গড়ে তুলতে হবে। মাটির ওপর নির্ভর করে রাজনীতি করতে হবে। সবচেয়ে নীপিড়ীত, শ্রমজীবী মানুষদের কাছে টেনে নিতে হবে। শ্রমজীবী মানুষদের মধ্যে থেকে কাজ করতে হবে তাদের মধ্য থেকেই নেতৃত্ব বের করতে হবে।
ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল বলেন, “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকীকরণ করা হয়েছে। ২০২১ সালে প্রণীত শিক্ষানীতির মাধ্যমে তারা শিক্ষাখাতকে ধ্বংস করার নীল নকশা করেছে। আজকে একটি গণতন্ত্রহীন ফ্যাসিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। তার ধারাবাহিকতায় ছাত্র সংসদ নির্বাচনকে তুলে দিয়ে অগণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। আমরা গণতান্ত্রিক ক্যাম্পাস চাই। আমরা রক্তপাতহীন, অসহিংস, সন্ত্রাসমুক্ত ছাত্ররাজনীতি চাই।
সমাবেশে সংগঠনের বিভিন্ন সময়ের সাবেক নের্তৃবৃন্দসহ উপস্থিত ছিলেন, সারাদেশ থেকে আগত বিভিন্ন জেলা সংসদের নের্তৃবন্দ ও সদস্যগণ।
জনতার আওয়াজ/আ আ