কালোটাকা সাদা করা প্রসঙ্গে যা বললেন এনবিআর চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ৭, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ৭, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ১৫ শতাংশ করের মাধ্যমে কালোটাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। এ বিষয়ে বিভিন্ন মহল থেকে ওঠা সমালোচনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
শুক্রবার (৭ জুন) বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা মূলত এটা দিয়ে থাকি, বিভিন্ন কারণে কিছু অপ্রত্যাশিত অর্থ থাকে, কোনো কারণে রিটার্নে দেখানো হয়নি। জমি ক্রয়-বিক্রয়ে আমাদের অজ্ঞাতেই কালো হয়ে যায়৷ এ রকম কিছু কারণে যে টাকা রিটার্নে হয়নি, সেটা বৈধ করা। ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি এসেছিল, সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি এসেছিল।’
আবু হেনা বলেন, ‘কালো টাকা যারা তৈরি করেন, তারা ইকোনমিতে ব্যবহারের জন্য করেন না, এটা দেশের বাইরেই বেশি চলে যায়। ভোগ বিলাসের জন্য বেশি ব্যবহার হয়।’
বাজেটে ব্যাংক ঋণ নির্ভরতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নেওয়া একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। এটা সব অর্থমন্ত্রীই করেন। আমরা এটাকে ৫ শতাংশে ধরে রাখার চেষ্টা করেছি।’
অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব) আব্দুস সালাম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ