সুনামগঞ্জে বিভীষিকাময় এক রাত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুনামগঞ্জে বিভীষিকাময় এক রাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৮, ২০২২ ১০:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৮, ২০২২ ১০:২০ পূর্বাহ্ণ

 

সন্ধ্যার পর রাজ্যের নিস্তব্ধতা নেমে এসেছিল সুনামগঞ্জ শহরে। দুই দিন ধরে জেলা বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন। নেই মুঠোফোনের নেটওয়ার্ক। ইন্টারনেট সেবাও বন্ধ। মোমবাতি আর জ্বালানি তেলের সংকটে অনেক বাসায় জ্বলেনি আলোও। এর মধ্যে টানা বৃষ্টি ও বজ্রপাত ছিল। সব মিলিয়ে ভুতুড়ে পরিস্থিতি। এ অবস্থায় গতকাল শুক্রবার বিভীষিকাময় একটি রাত পার করল বন্যার পানিতে সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া সুনামগঞ্জের মানুষ।

আজ শনিবার সকালে প্রশাসনের কর্মকর্তা ও বানভাসি মানুষের সঙ্গে কথা বলে এ পরিস্থিতি সম্পর্কে জানা গেছে। কমবেশি একই চিত্র ছিল জেলার ১২টি উপজেলাতেও। বন্যাকবলিত লোজজন জানিয়েছেন, সুনামগঞ্জে গত বুধবার থেকে তৃতীয় দফায় বন্যা দেখা দেয়। বর্তমানে জেলার সব উপজেলাই বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে। এর মধ্যে সুনামগঞ্জ সদর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার অবস্থা শোচনীয়। এখানে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

সুনামগঞ্জ শহরে মুঠোফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ আছে। এ কারণে বানভাসি মানুষের দুর্ভোগ ও ভোগান্তির বিষয়টি সুনামগঞ্জের বাইরে থেকে অনেকে জানতে পারছে না। এতে জেলার বাইরে থাকা সুনামগঞ্জের মানুষ ও স্বজনেরা উদ্বেগ–উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তাঁরা বলছেন, আত্মীয়স্বজন ও পরিবার-পরিজনেরা কোন পরিস্থিতিতে আছেন, সেটা জানতে না পারছেন না তাঁরা। কেবল এতটুকু জানতে পেরেছেন, বন্যার পানি ক্রমে বাড়ছে। শহরের শতভাগ বাসাবাড়ি প্লাবিত হয়েছে। একেক ঘরে হাঁটু থেকে কোমরসমান পর্যন্ত পানি। নৌকার অভাবে অনেকে নিরাপদ স্থানেও যেতে পারছেন না।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ শহরের অধিকাংশ বাসার চুলা পানির নিচে তলিয়ে যাওয়ায় রান্নাবান্না বন্ধ আছে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সংকট আরও বেড়েছে। এ অবস্থায় শহরে খাদ্যসংকট তৈরি হয়েছে। বিশুদ্ধ পানিও পাওয়া যাচ্ছে না। টানা বৃষ্টিপাত আর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বানভাসি মানুষের আশঙ্কা আরও বাড়ছে। বন্যার পানিতে জেলায় আটকে পড়া মানুষের উদ্ধারে সেনাবাহিনী কাজ করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ