ভারতের অনুমতি নিয়ে সরকারকে চীনে যেতে হলো কেন? জাগপা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ভারতের অনুমতি নিয়ে সরকারকে (শেখ হাসিনা) চীনে যেতে হলো কেন? এমন প্রশ্ন রেখে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ.এস.এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেছেন, দেশবাসী জানতে চায় আওয়ামী লীগ দিল্লিকে প্রভূ মেনে বাংলাদেশকে সিকিম, ভুটান বানাতে চায় কেন?
সোমবার (৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩ টায় নিউয়র্কের চার্চ ম্যাকডোনাল্ডে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা ও জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ ) যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অনুষ্ঠিত হয়।
তিনি বলেন,ভারতীয় রেল ট্রানজিট আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকির সম্মুখীন হবে। সম্প্রতি বাংলাদেশের রেলপথ, ট্রানজিট সুবিধা ও সামুদ্রিক বন্দর ব্যবহারের নামে দখল করে নিয়েছে। যা গোলামী চুক্তির বিপজ্জনক আত্মসমর্পণের শামিল।
জাগপা নেতা বলেন, এই সরকারের শাসনামলে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং বড় বড় দুর্নীতির সাথে সরকারি দলের নেতাকর্মী ও সরকারি আমলারা জড়িত। তারা এখন দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে। সরকারের আশ্রয়-প্রশ্রয়ে থেকেই তারা এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। তৎকালীন মুজিব সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে বাকশাল সৃষ্টি করেছিলো। বাকশালের মাধ্যমে তারা দেশের সম্পদ লুটপাট, ব্যাংক ডাকাতি ও ধর্ষণের মত কর্মকান্ড চালিয়েছে। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদার রাজনীতির কারণে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। তাই এখন আওয়ামী লীগের সেই পুরনো নামে নতুন করে দেশে আরেকটি বাকশাল কায়েম করতে চায়।
তিনি বলেন,চীনে যাওয়ার জন্য উনাকে অনুমতি নিতে হয়েছে। দিল্লির অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছেন তিনি। আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন—শেখ হাসিনা চীনে যাচ্ছেন তাতে ভারতের কোন আপত্তি নেই। প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের সার্টিফিকেট নিতে হয়। তাহলে কোথায় আজ স্বাধীনতা? যে স্বাধীনতার পতাকা এদেশের মুক্তিযোদ্ধারা নিজেদের রক্ত দিয়ে অর্জন করেছিল সেটা আজ কোথায়?
জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ ) সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন বলেন, শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ কাঁচা মরিচের দাম তিনশো বিশ টাকা, শাকসবজির দাম সেঞ্চুরি পার হয়ে গেছে। টমেটোর ডাবল সেঞ্চুরি পার হয়ে গেছে। শ্রমিকরা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে না। এই যে অনাচার, জনগণের পেটে লাথি মেরে শেখ হাসিনা সরকারী কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছেন কোটি কোটি টাকা লুটপাটের। বেনজীর—আজিজদের শুধু এক/দুই কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন। সরকারী কর্মকর্তারা শুধু মুজিব কোট পরে জয়বাংলা শ্লোগান দিয়ে তারা আজকে কোটি কোটি টাকা কামিয়েছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র শাখা জাগপা, জেএসএফ সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ