মেধাবীদের বাদ দিয়ে সরকার দেশকে বাংলালীগ করতে চায়: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেধাবীদের বাদ দিয়ে সরকার দেশকে বাংলালীগ করতে চায়: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সরকার দেশের মেধাবীদের পদদলিত করে এমন এক দেশ গঠন করতে চায় যেটা বাংলাদেশ নয়, বাংলালীগ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, স্বাধীনতার ৭ বছর পরে যে দম্পতির সন্তান হয়েছে তারা নাকি মুক্তিযোদ্ধা, তাদেরকে চাকরি দিতে হবে। মামাবাড়ির আবদার তৈরী করেছে শেখ হাসিনা। মেধাহীন ছাত্রদের দিয়ে মেধাবীদের পদদলিত করে তারা (সরকার) এমন এক দেশ গঠন করতে চায় যেটা বাংলাদেশ নয়, বাংলালীগ হবে। আমরা বাংলালীগ করতে চাইনা বাংলাদেশকে। ক্যাডার সার্ভিস, পাসপোর্ট, চাকরি, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রলীগকে ঢোকানোর জন্য তারা এই পায়তারা করেছে গোটা দেশের মধ্যে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে যুবদলের নেতা-কর্মীদের মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে তরুণ যুবকদের দিকে আর সেই যুবকদের প্রতিনিধি হচ্ছে মুন্না এবং নয়ন। জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত এই কমিটি আলোর পথ দেখাবে এরা ন্যায়ের পথ দেখাবে গণতন্ত্রের পথ দেখাবে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আনন্দ করবে যুবদল।

তিনি বলেন, ‘ডামি নির্বাচনের সরকার দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তাই দেশের জনগণ তাকিয়ে আছে তরুণদের দিকে। দেশজুড়ে যে অনাচার চলছে তার থেকে মুক্তি পেতে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে।

মিছিলে যুবদলের নতুন কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ছাড়াও বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ