দেশ বিক্রি করার মহাজন হচ্ছেন শেখ হাসিনা : রিজভী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশ বিক্রি করার মহাজন হচ্ছেন শেখ হাসিনা : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৩, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৩, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশ বিক্রি করার মহাজন হচ্ছেন শেখ হাসিনা। তিনি ভারতকে নিরাপদ করতে বাংলাদেশকে অনিরাপদ করেছেন। বাংলাদেশকে ভারতের নয়া উপনিবেশ বানানোর চেষ্টা করছেন। রেল চুক্তির মাধ্যমে করিডোর দিয়ে তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করতে হবে। দেশে দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে ওলামা দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি এই মূখপাত্র বলেন, ১৯৫ সঙ্গী নিয়ে চীন সফরে গিয়েছিলেন শেখ হাসিনা। শুন্য হাতে দেশে ফিরেছেন। চীনের কাছে ২০ বিলিয়ন ডলার চেয়েছিলেন, কিন্তু ১ বিলিয়ন ইয়ানের আশ্বাস পেয়েছেন। ২০ বিলিয়ন ডলার চেয়ে খালি ঝুঁড়ি নিয়ে ফেরত এসেছেন। মূলত তার প্রত্যাশার খাতা শূন্য। আপনি এতদিন জনগণকে পদ্মা সেতু, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উন্নয়নের কথা বলেছেন। কিন্তু আপনার উন্নয়ন তো ছিল ট্রেন দিয়ে টাকা বের করে সেই টাকা সুইজারল্যান্ড, কানাডা, মালয়েশিয়া, ইউরোপে যাবে। এটা তো এখন মানুষের সামনে স্পষ্ট। এই টাকার মালিকরাই তো হচ্ছে বেনজীর, মতিউর, আবেদ আলীরা।

রিজভী বলেন, জুলাই মাস হলো আমাদের আমের মৌসুম, আর এখন দেশে চলছে দুর্নীতি ফাঁসের মৌসুম। এই মৌসুমে এখন পর্যন্ত যাদের নাম শুনছি সবই তো প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন, আওয়ামী লীগের। গত ১৭/১৮ বছরে আপনি তো আইনের শাসন তৈরি করেননি, দুর্নীতির শাসন তৈরি করেছেন। ফলে আজকে আবেদ আলী, বেনজীর, মতিউরদের জন্ম হয়েছে। তাদের নাম গণমাধ্যমে ফাঁস হচ্ছে। কিন্তু এখনও রাঘব-বোয়ালদের নাম আসেনি। সরকারের মধ্যে এখনও হাজারও আজিজ-বেনজীর রয়ে গেছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ২০১৮ সালে কোটা বাদ দিলেন। শিক্ষার্থীরা কোটা বাদ নয় সংস্কার চেয়েছিল। কিন্তু আপনার মনের মধ্যে যে অশুভ ইচ্ছা ছিল, তিনি ষড়যন্ত্রমূলকভাবে কোটা বাদ দিয়ে এখন ক্ষমতা পাকাপোক্ত করে আবার কোটা বহাল করলেন। আজকে আদালত আর শেখ হাসিনার মধ্যে কোন পার্থক্য আছে? তাদের সত্তা এক। পুলিশ-প্রশাসন, সমস্ত আইন-কানুন, পার্লামেন্ট, বিচার বিভাগ প্রত্যেকেরই তো প্রধান হচ্ছেন শেখ হাসিনা। তার কথার বাইরে কেউ এক পাও যেতে পারে না। তিনি আদালতের মাধ্যমে আবার খায়েস পূরণ করলেন।

রিজভী বলেন, যে দম্পতির বিয়ে হয়েছে স্বাধীনতার পর তার সন্তান নাকি এখন মুক্তিযোদ্ধা! এসব ভূয়া মুক্তিযোদ্ধাদের চাকরি দিতেই আবারও কোটা বহাল করেছে সরকার। শুধুমাত্র ছাত্রলীগকে চাকর দিতেই তা করা হয়েছে। অর্থাৎ ৫৬ শতাংশের মধ্য দিয়ে তিনি ঢুকাবেন ছাত্রলীগ আর বাদবাকি ঢুকাবেন প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে, আবেদ আলীদের সহায়তায় বেছে বেছে আওয়ামী ঘরোয়ানার লোকদের।

তিনি বলেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আলেম-ওলামারা নেতৃত্বে রয়েছেন। তাদের বাদ দিয়ে কোন ইতিহাস রচনা করা যাবে না। কিন্তু এই বর্তমান ডামি নির্বাচনের সরকার আলেম-ওলামাদেরও নিপীড়ন থেকে রেহাই দিচ্ছে না। যাদেরকে এ সরকার সন্দেহ করে তাদের নামে বার বার মামলা দিচ্ছে। মামলা থেকে আলেম-ওলামারাও বাদ যায় না। মসজিদের ইমামরাও বাদ যায়নি। বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে কেউ মোনাজাত করলে তাকেও গ্রেফতার করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা ও পরিচালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন। বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আবদুল বারী ড্যানী, মাওলানা আলমগীর হোসেন, ক্বারী গোলাম মোস্তফা, মাওলানা দেলোয়ার হোসেন, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাসুম বিল্লাহ, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ