ঢাবির হল না ছাড়ার ঘোষণা কোটা আন্দোলনকারীদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবির হল না ছাড়ার ঘোষণা কোটা আন্দোলনকারীদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ ও শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় মঙ্গলবার (১৬ জুলাই) দেশজুড়ে ফুঁসে উঠেছিল শিক্ষার্থীরা। এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় ছয়জন নিহতের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসে। এরপর শিক্ষার্থীদের আজ দুপুরের মধ্যে হল ছাড়তে নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা এমন নির্দেশনা মানতে নারাজ।

বুধবার (১৭ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে জড়ো হয়ে হল না ছাড়ার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম।

তিনি বলেন, দেশে কোনো মহাদুর্যোগ বা এ রকম কিছু চলছে না। শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। হল ছাড়তে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়ার মানে হচ্ছে আন্দোলন নষ্ট করা। আমরা এমন সিদ্ধান্ত মানব না। আমরা হল ছাড়ব না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

মঙ্গলবার রাতে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিক্যাল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদানের নিমিত্ত নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

এর আগে সন্ধ্যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার পর দেশের সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী বৃহস্পতিবারের সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।ৎ

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ