বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না, ভারতকে মেজর হাফিজ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দীন আহমেদ (বীর বিক্রম) ভারতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে অনেক সাহায্য করেছেন সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ। কিন্তু, আপনারা এ দেশে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না। জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবে।
শনিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত ছাত্র- জনতার ওপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেজর (অব:) হাফিজ উদ্দীন আহমেদ (বীর বিক্রম) বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮০ হাজার। আর এখন মুক্তিযোদ্ধা এসে দাড়িয়েছে আড়াই লাখ। এত মুক্তিযোদ্ধা আসলো কিভাবে? এসব ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে আওয়ামী সরকার। শেখ হাসিনা সরকারের আমলে অনেক মন্ত্রীরাও ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছে। আমরা এখন আর কোনো ভুয়া মুক্তিযোদ্ধা দেখতে চাইনা।
বাংলাদেশ সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা গত ১৫-১৭ বছরে ছাত্র লীগের মতো বক্তব্য দিয়েছে। অবশেষে জনতার ডাকে সাড়া দিয়ে তারা মানুষের জন্য কাজ করেছে। সেনাবাহিনী শেখ হাসিনাকে সরানোর জন্য অনেক বড় ভূমিকা পালন করেছে। সেজন্য সেনাবাহিনীকে সাধুবাদ জানাই। স্বৈরাচারী শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে, অবিলম্বে সেটি বন্ধ করতে হবে। এদেশকে আওয়ামী সরকার প্রতিবেশী দেশের গোলাম বানিয়ে ফেলেছে।
পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই ১৬ বছরে পুলিশ বাহিনী যে ভূমিকা রেখেছে, এটা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্টতম বাহিনী। পুলিশ বাহিনীর যেসকল সদস্য মারা গেছে এটার জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দায়ী।
বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আজকে একজন বড়মাপের নেতার মূর্তি ভেঙে ফেলা হয়েছে এটার জন্য শেখ হাসিনা দায়ী।
তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করি। আমরা এই বিপ্লবের একটি সঠিক পরিণতি চাই। আওয়ামী লীগের মতো কোনো কলঙ্ক যাতে তাদেরকে স্পর্শ করতে না পারে।
বিএনপির নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শ নিয়ে কাজ করবো। আমরা আওয়ামী লীগের মতো হতে চাইনা।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজুল পথের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।
জনতার আওয়াজ/আ আ