ধর্ম বিশ্বাসের কারণে নাগরিকদের মধ্যে বৈষম্যের কোনো অবকাশ নেই - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধর্ম বিশ্বাসের কারণে নাগরিকদের মধ্যে বৈষম্যের কোনো অবকাশ নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ধর্ম বিশ্বাসের কারণে নাগরিকদের মধ্যে বৈষম্যের কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজামণ্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানিয়ে মঞ্চের নেতারা এসব কথা বলেন। নেতৃবৃন্দ সেখানে ভক্ত ও পূজারীদের শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে সৌহার্দ্যবিনিময় করেন।
নেতৃবৃন্দ বলেন, দেবী দুর্গা সকল অশুভের বিরুদ্ধে মানবকল্যাণের বারতা নিয়ে আসেন, দুর্গতিনাশিনী দেবী অসুরের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করেন। ধর্ম-বর্ণ-নির্বিশেষে জনগণের ঐক্য আর যুথবদ্ধতাই আমাদের শক্তি, বৈচিত্র্যের মধ্যেই আবার আমাদের শক্তি।
তারা বলেন, ধর্ম বিশ্বাসের কারণে রাষ্ট্র তার নাগরিকদের মধ্যে কোনোরূপ বৈষম্য করতে পারে না। ২০২৪ সালে ছাত্র, শ্রমিক, জনতার গণঅভ্যুত্থানের পরিষ্কার ডাক সকল পর্যায়ের বৈষম্যের বিলোপ সাধন।

নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সবাইকে জনগণের সকল অংশকে যুক্ত করতে হবে। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারকার শারদীয় উৎসব সম্প্রীতির নতুন মেলবন্ধন নির্মাণ করবে।
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম মহাসচিব হাবিবুর রহমান হাবিব, জেএসডি’র কেন্দ্রীয় নেতা এডভোকেট বেলায়েত হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ