ঢাবিতে পোস্টার ছেঁড়া নিয়ে বিতর্ক, যা বলল ছাত্রদল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবিতে পোস্টার ছেঁড়া নিয়ে বিতর্ক, যা বলল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ৯, ২০২৪ ১২:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ৯, ২০২৪ ১২:২৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অনুষদের আশপাশের পোস্টার ছেঁড়া নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা নিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘‘৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দিন৷ বাকশালী ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের দিন ৭ নভেম্বর৷ ৭ নভেম্বরের চেতনা শুধু বিএনপি বা ছাত্রদলের নয়, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, আধিপত্যবাদ বিরোধী প্রতিটি নাগরিকের জন্য ৭ নভেম্বর একটি ঐতিহাসিক বিপ্লবের মুহূর্ত৷’’

তিনি বলেন, ‘‘বিপ্লবী সিপাহী-জনতার দেশপ্রেমে সেদিন রক্ষা পেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা৷ সিপাহী-জনতা সেদিন তাঁদের নেতা হিসেবে সামনে নিয়ে এসেছিলেন তুমুল জনপ্রিয় সেনানায়ক জেনারেল জিয়াউর রহমানকে৷ জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব সেদিন বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে রক্ষা করেছিল৷ জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি রচনা করেছিল৷ ৭ নভেম্বরের বিপ্লব না ঘটলে বাংলাদেশ একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত হতো৷ লুপ্ত হতে পারতো আমাদের স্বাধীনতা৷ ফলে ৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন৷”

ছাত্রদলের সাধারণ সম্পাদক ‍আরও বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল ৭ নভেম্বর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পোস্টার লাগিয়েছে৷ পোস্টারে সংক্ষেপে ৭ নভেম্বরের প্রেক্ষাপট ও তাৎপর্য বর্ণনা করা হয়েছে৷ এটা কোনো ব্যক্তিগত প্রচার-প্রচারণা বা দলীয় কর্মসূচির প্রচারণা ছিল না৷ জাতির একটি ঐতিহাসিক বিপ্লবের স্মরণে একটা ক্যাম্পেইন হয়েছে।”

তিনি বলেন, “ছাত্রদলের সাথে আপনার মতবিরোধ থাকতে পারে, পোস্টারিংয়ের ধরন নিয়ে সমালোচনা থাকতে পারে৷ এটি একটি গণতান্ত্রিক সমাজে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ৷ কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ঐতিহাসিক ৭ নভেম্বরের পোস্টার ছিড়ে অশ্রদ্ধা প্রদর্শন সমীচীন কাজ নয়৷ পোস্টার ছেঁড়ার জন্য আপনি মব তৈরি করতে পারেন না৷ ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে মব উসকে দিতে পারেন না৷ এভাবে পেশীশক্তি প্রদর্শন করে একটি পক্ষকে কোণঠাসা করা অগণতান্ত্রিক আচরণ, যা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী। এর ফলে জুলাই-আগস্টে গণতন্ত্রকামী সকল শিক্ষার্থীর মধ্যে যে অভূতপূর্ব জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, তাতে ফাটল ধরবে৷ আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পরাজিত অপশক্তি কোনো সুবিধা হাসিল করতে না পারে।”

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অংশীদার সকল ছাত্রসংগঠনকে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে৷ পরমতসহিষ্ণুতা গণতন্ত্র চর্চার প্রাথমিক শর্ত৷ আমরা সবাইকে সহনশীলতা বজায় রাখার অনুরোধ করছি৷’’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ