বাংলাদেশের জনগণ ঠিক করবে, কে ক্ষমতায় আসবে’ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের জনগণ ঠিক করবে, কে ক্ষমতায় আসবে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪ ১১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪ ১১:০৭ অপরাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি
বাংলাদেশের জনগণ ঠিক করবে, কে ক্ষমতায় আসবে এবং কে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এখন বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে, কোন জোট সরকার গঠন করবে, তা নিয়ে বিদেশিরা মতামত দেয়, আমাদের সঠিক সময়ে নিজেদের সিদ্ধান্ত নিতে হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনটি অনুষ্ঠিত হয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ)।

এসময় ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের মহান বিজয় দিবসকে তাদের দাবি করে টুইট করেছেন। তিনি প্রশ্ন করেন, যদি ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের বিজয় দাবি করেন, তাহলে আমাদের এখানে চুপ কেন? সীমান্তে দিনের পর দিন লাশ পড়লেও আমরা কিছু বলি না।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ ২০১৪ সালের নির্বাচন ছিল বিনা প্রতিদ্বন্দিতায়, ২০১৮ সালে ছিল মিডনাইট নির্বাচন, আর ২০২৪ সালের নির্বাচনও হচ্ছে ডামি নির্বাচন। আওয়ামী লীগ সরকারের অবস্থা এমন যে তারা আসলে দখলদার সরকার ছিল এবং সামান্য একটু প্রতিরোধ পেলেই তা উড়ে গিয়েছে।

আওয়ামী লীগ আবার হুঙ্কার দিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, তারা আবার ক্ষমতায় ফিরে আসবে এবং আগের মতো তাণ্ডব চালাবে। কিন্তু ইতিহাসে এমনটা কখনো হয়নি, পালিয়ে যাওয়া স্বৈরশাসকরা আবার ফিরে আসে।

ঠাকুরগাঁওয়ে ১৭ বছর পর জামায়াতে ইসলামী আয়োজিত এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন হাজারো নেতাকর্মী। সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলার সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলাওয়ার হোসেনসহ জামায়াতে ইসলামী’র বিভিন্ন নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ