৭ দিনের মধ্যে বেরোবির নাম পরিবর্তন না হলে কমপ্লিট শাটডাউন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ

বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় আগামী সাত কর্মদিবসের মধ্যে দাবি আদায় না হলে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তারা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এ সংবাদ সম্মেলনে এ কথা জানায় তারা।
এ সময় শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রহমত আলী ও বেরোবির সমন্বয়ক শামসুর রহমান সুমন।
শামসুর রহমান সুমন বলেন, ‘ফ্যাসিস্ট সরকার ফ্যাসিজমের দূরদর্শিতা ও রাজনৈতিক চাতুরতার সঙ্গে পরিবর্তিত নাম মহীয়সী রোকেয়ার নামে করেন। যাতে নাম পরিবর্তন নিয়ে শিক্ষক, শিক্ষার্থীরা প্রতিবাদ করলে নারীবিদ্বেষীসহ নানা ট্যাগ লাগিয়ে সহজে কণ্ঠরোধ করা যায়। আওয়ামী স্বৈরাচারের শাসনামলেও এই বিশ্ববিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবি উঠলে তখন নানা ট্যাগ দিয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাদের দমিয়ে রাখা হয়।
শিক্ষার্থীরা বলেন, আমরা নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদানসহ সব ব্যবস্থা করেও কোনো সুফল পাচ্ছি না। আগামী সাত কর্মদিবসের মধ্যে দাবি আদায় না হলে আমরা কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি পালন করবো।
তারা আরও বলেন, গত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শেখ হাসিনার উদ্বোধনী ফলকটি ভেঙে দিয়ে রংপুর নাম ঘোষণা করেন।
এ বিষয়ে উপাচার্য ড. শওকাত আলী বলেন, ‘শিক্ষা উপদেষ্টাকে অবগত করা হয়েছে। তিনি বিষয়টি ইতিবাচকভাবে দেখেছেন। প্রশাসনের পক্ষ থেকে আমরাও চাই নাম পরিবর্তন হোক।’
জনতার আওয়াজ/আ আ