কুয়েটের ঘটনায় ছাত্রদলের উদ্বেগ, সুষ্ঠ তদন্ত দাবি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুয়েটের ঘটনায় ছাত্রদলের উদ্বেগ, সুষ্ঠ তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভয়হীন ক্যাম্পাস, নিরাপদ ও স্বাভাবিক একাডেমিক পরিবেশ সৃষ্টি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে সাম্প্রতি কুয়েটে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

বুধবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ উদ্বেগ প্রকাশ করে ছাত্রদল। সংগঠনটি বলছে, কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ভয়হীন ক্যাম্পাস, নিরাপদ, সুষ্ঠু ও সেশনজট মুক্ত স্বভাবিক একাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থীদের মধ্যে সৌর্হাদ্যর্পূণ পরিবেশ বিরাজ করুক।

বার্তায় বলা হয়, আপনারা নিশ্চয়ই জানেন, অতি সম্প্রতি কুয়েটে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে। প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের অভ্যন্তরে রাজনীতি নিষিদ্ধ থাকায় ক্যাম্পাসের বাইরে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফরম সংগ্রহ করে। কিন্তু দুঃখজনকভাবে এই শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে পরিকল্পিতভাবে মব সৃষ্টির মাধ্যমে তাদেরকে মারধর করা হয়। বিভিন্ন গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় এর ভিডিও ফুটেজ রয়েছে।

এতে বলা হয়, পরবর্তীতে মবের সাথে জড়িত কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ বেঁধে যায়। উদ্ভূত পরিস্থিতিতে উক্ত ঘটনাটি ক্যাম্পাসের ভেতরে এবং বাহিরে ছড়িয়ে পড়ে। ঘটনার ধারাবাহিকতায় উক্ত মব সৃষ্টিকারীদের হাতে কুয়েটের শিক্ষকরাও লাঞ্ছিত হন, যা অত্যন্ত দুঃখজনক এবং শিষ্ঠাচার বহির্ভূত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘটে যাওয়া প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছে।

বার্তায় আরও বলা হয়, একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যাশা করে, বিগত ফ্যাসিস্ট শাসনামলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে যে ভয়ের সংস্কৃতি বিরাজ করছিল মব কালচারের মাধ্যমে, যেন সেটির পুনরুত্থান না ঘটে।

বার্তায় ছাত্রদলের উদ্বেগের কথা জানিয়ে বলা হয়, সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক গোষ্ঠী যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলকে জড়ানো বা ছাত্রদলের ওপর যেকোনোভাবে দায় চাপানোর একটি অসৎ চেষ্টা অব্যাহত রেখেছে। আমরা তাদের এই হীন অপচেষ্টার নিন্দা জানাই।

আরও বলা হয়, এই প্রেক্ষাপটে শিক্ষা, সম্মান ও শিক্ষার পরিবেশ রক্ষায় কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের সাহসী অবস্থানকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি, কুয়েটের শিক্ষার্থীদের এই অবস্থান গুটিকয়েক ব্যক্তির রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নয়; বরং গোটা শিক্ষাব্যবস্থার সুরক্ষার স্বার্থেই পরিচালিত হচ্ছে। এমতাবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে।

শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে ছাত্রদলের প্রত্যাশার কথা জানিয়ে বার্তায় বলা হয়, ইউজিসির একটি প্রতিনিধি দল কুয়েটের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে যাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যাশা করে, প্রতিনিধি দল সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে কুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্মান ও স্নেহের সম্পর্ক ও নিরাপত্তা নিশ্চিত করে একটি নিরাপদ একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রতি আন্তরিক থাকবেন। সেই সাথে যেসকল শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটিকে পুনর্বিবেচনা করবেন বলেও আমরা প্রত্যাশা রাখি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ