হাসনাতের গাড়িতে হামলাগাজীপুরে আ’লীগের ৫৪ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ৫, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ৫, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক। সোমবার বেলা ১১টায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।
মোহাম্মদ জাহিদুল হক জানান, হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল বিষয়টি অনুসন্ধানে নামে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে রাতভর অভিযান পরিচালনা করছে। এ পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। রোববার রাতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা নিজাম উদ্দিনকে বাসন এলাকা থেকে এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দিপুকে কাশিমপুর থানা আটক করা হয়। আটকদের মধ্যে বেশিভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
এনসিপির গাজীপুরের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘এই বর্বর হামলা আওয়ামী লীগের মদদপুষ্ট। আমরা মনে করি, ছাত্রলীগ ও যুবলীগ এতে জড়িত। রাষ্ট্র যদি হামলাকারীদের আড়াল করে, তাহলে রাজপথেই তার জবাব দেয়া হবে।’
এনসিপির নেতারা জানান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সালনা এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সাথে গাড়িতে আরো দুজন আরোহী ছিলেন। ঘটনার সময় দুর্বৃত্তরা কয়েকটি মোটরসাইকেলে ঘটনাস্থলে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা তার গাড়ির গতিরোধ করে ইট-পাটকেল ছুঁড়ে গাড়ির কাচ ভাঙচুর করে এবং তার ওপর চড়াও হয়। এতে হাসনাত আব্দুল্লাহ ডান হাতে রক্তাক্ত জখম হন।
জনতার আওয়াজ/আ আ