১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ৬, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ৬, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। মঙ্গলবার (৬ মে) সকালে তিনি ঢাকায় পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন ডা. জোবাইদা। এরপর দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে তিনি দেশে ফিরলেন।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দুদক কাফরুল থানায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মামলা করে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং তার মাতা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে। ওই মামলায় ২০২৩ সালে ঢাকার একটি আদালত ডা. জোবাইদাকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর উদ্ভূত রাজনৈতিক পটপরিবর্তনে আদালতের দেয়া সেই সাজা স্থগিত করা হয়।
এদিকে জানা গেছে, জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসায় নিজের অসুস্থ মায়ের সঙ্গে থাকবেন। ‘মাহবুব ভবন’ নামে পরিচিত বাড়িটি তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন।
১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডা. জোবাইদা। ১৯৯৫ সালে তিনি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগ দেন। পরে ২০০৮ সালে শিক্ষা ছুটিতে লন্ডন যান স্বামীর চিকিৎসার সহায়তায়। তবে দ্বিতীয় মেয়াদে ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়ায় তাকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
জনতার আওয়াজ/আ আ