দেশে ফিরে ফিরোজার উদ্দেশে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ৬, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ৬, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
লন্ডনে চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে সকাল ১০টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে অবতরণের পর তাকে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা।
এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে সকাল ১১টা ২০ মিনিটের দিকে তিনি নিজ বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেন।
খালেদা জিয়ার সাথে দুই পুত্রবধূ জোবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, মেডিক্যাল টিমের সদস্যরাসহ তার সফরসঙ্গীরা রয়েছেন।
এদিকে খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
বেগম খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, ‘চার মাস চিকিৎসা শেষে আজ দেশে ফিরে আসছেন বেগম জিয়া। এটি আমাদের জন্য, দেশ ও জাতির জন্য আনন্দের দিন। কারণ তার দেশে ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে। পুরো দেশকে বৈষম্যহীন পরিস্থিতির দিকে ধাবিত করবে।’
জনতার আওয়াজ/আ আ