গণতন্ত্র, গণহত্যাকারী আওয়ামী লীগ আর ফিরবে না: দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র, গণহত্যাকারী আওয়ামী লীগ আর ফিরবে না: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১০, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১০, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের গণতন্ত্র যারাই হত্যা করেছে তারা রাজনীতির আসন ফিরে পায়নি মন্তব্য করে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্র, গণহত্যাকারী আওয়ামী লীগ আর ফিরবে না।

শনিবার (১০ মে) জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, স্বাধীনতা ঘোষণার দায়িত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান কিন্তু তিনি দেননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা চেয়েছিলেন বলেই ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি যার ঢাকা শহরে কোন বাড়ি ছিল না, গাড়ি ছিল না। তিনি সরকারের বেতনের টাকায় চলতেন। আমরা সেই দল করি।

তিনি বলেন, মহান আল্লাহতায়ালা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। কারণ এমন কোন আন্দোলন নাই বিএনপি ও তার অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন করে নাই। একটি মাত্র দল যে দলের নেতাকর্মীদের নামে ৬০ লক্ষ মামলা হয়েছে। পৃথিবীতে এরকম দল নাই যারা ৬০ লক্ষ মামলা মাথায় নিয়ে নির্যাতনের শিকার হয়েছে শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী সারা বিশ্ব তাকে গণতন্ত্রের মাতা বলে চেনে। তিনি হলেন গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। তার নামে মিথ্যা মামলা তথাকথিত বিচারে পাঁচ বছরের সাজা দিয়েছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। আমরা জানি উচ্চ আদালতে ন্যায়বিচার হয়। মামলা থেকে মুক্তি না হলে সাজা কমিয়ে দিবে। কিন্তু দেশনেত্রীর নামে মিথ্যা মামলার সাজা পাঁচ বছর থেকে ১০ বছর করে দেয়। এরকম মিথ্যাচার অন্যায় অবিচার পৃথিবীতে আর কোথাও হয়েছে কিনা জানা নেই।

তিনি আরও বলেন, যারাই গণতন্ত্র হত্যা করেছে তারাই রাজনীতি করার আসন আর ফিরে পায়নি। আওয়ামী লীগ আর এই দেশে আসবেনা। তারা বাংলাদেশের টাকা লুটপাট করে যেখানেই রেখেছে সেখান থেকে ফিরিয়ে আনা হবে। মুজিব ছিল বড় চোর সে জীবিত থাকা অবস্থায় তার ছেলে ব্যাংক ডাকাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। শেখ হাসিনা তার বোন ভাগ্নি ছেলেমেয়ে সবাই বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। এত বড় চোর পরিবার পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমার জানা নেই।

শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। তার নেতাকর্মীদেরকে বিচারের আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, আপনাদেরকে কথা দিতে হবে এই আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে, বিএনপিকে সুষ্ঠু ভোটের মাধ্যমে জিতিয়ে এই এলাকার কাজ করতে হবে। এই এলাকার মানুষের জন্য কাজ করতে হবে।

দ্বি-বার্ষিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন, আবু ওহাব আকন্দ, মেলা নন্দ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল সহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ