আ'লীগের যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য তারা বিএনপিতে যোগ দিতে পারবেন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য তারা বিএনপিতে যোগ দিতে পারবেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

আওয়ামী লীগের সমর্থক ছিল, কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি এবং সামাজিকভাবে যারা গ্রহণযোগ্য তারা বিএনপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউরী দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে ‘সদস্য নবায়ন’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আমির খসরু বলেন, দীর্ঘদিন পরে এভাবে সদস্য সংগ্রহ করার সুযোগ আমাদের সামনে এসেছে। এটিকে কাজে লাগাতে হবে। দেশের সবচেয়ে বড় দল বিএনপিতে যোগ দেওয়া গর্বের বিষয়৷ এজন্য অনুষ্ঠান করে সবার উপস্থিতিতে দলের প্রত্যেকটি ইউনিট সদস্য সংগ্রহ করবে। এগুলো মেইনস্ট্রিম মিডিয়ায় প্রচার করতে হবে। পাশাপাশি ফেসবুকেও দিতে হবে।

তিনি বলেন, সদস্য করার সময় আমাদের খেয়াল রাখতে হবে। সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না। যাদের কারণে আমাদের ভোট কমে যাবে। আবার আওয়ামী লীগের কাউকে দলে নেওয়া যাবে না। তবে আওয়ামী লীগের সমর্থক ছিল, কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, আমাদের ওপর জুলুম করেনি, উল্টো ভেতরে-ভেতরে আমাদের সহযোগিতা করেছে তাদের দলে নিতে কোনো সমস্যা নেই। তবে গোপনে কাউকে সদস্য করা যাবে না। বিএনপিতে যোগ দিতে হলে ঘোষণা দিতে হবে এবং প্রকাশ্যে যোগ দিতে হবে।

বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ