দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল কলেজছাত্রীর - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল কলেজছাত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শনিবার (১৪ জুন) পটুয়াখালী সদর বাসস্ট্যান্ডে দুই বাসের রেষারেষিতে প্রাণ হারিয়েছেন কলেজছাত্রী সাবিকুন নাহার শশী (২৪)।

তিনি বরিশালের জমজম ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটস-এর ‘ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন’ বিভাগের শিক্ষার্থী এবং গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর শিকদারের মেয়ে।

জানা গেছে, পরিবারের সাথে ঈদের ছুটি কাটিয়ে বরিশালে ফিরছিলেন সাবিকুন। রোববার তার পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। পটুয়াখালী সদর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি আন্তঃজেলা পরিবহন ও অন্যটি লোকাল বাস পরস্পরের সাথে প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। কে আগে ছাড়বে, এই প্রতিযোগিতার একপর্যায়ে ‘বিসমিল্লাহ পরিবহন’ নামে একটি বাসের নিচে চাপা পড়েন সাবিকুন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু বরিশাল পৌঁছার আগেই পথে মারা যান তিনি।

এ ঘটনায় উত্তর বোয়ালিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও স্বজনরা কলেজছাত্রী নিহতের জন্য দায়ী বাসচালক ও হেলপারের শাস্তির দাবি জানিয়েছেন।

পটুয়াখালী থানা অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ