অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়েছেন কর্মচারীরা। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে জড়ো হয়ে সেখান থেকে মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে যান কর্মচারীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে ৪ নম্বর ভবনের সামনে অবস্থান নেন তাঁরা।
৪ নম্বর ভবনের যেসব কর্মকর্তা-কর্মচারীর অফিস রয়েছে, তাঁদের সঙ্গে গণসংযোগ করবেন কর্মচারী নেতারা।
চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে সরকারি চাকরিজীবীদের চাকরিচ্যুত করার বিধান রেখে গত ২৫ মে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করে সরকার। তার আগ থেকেই এই অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। চাকরি অধ্যাদেশ জারির পর তাঁরা সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ-সমাবেশ এবং এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর উপদেষ্টাদের স্মারকলিপি দেন।
চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনার পর ভূমিসচিবের নেতৃত্বে কয়েকজন সচিব কর্মচারীদের দাবির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে জানান। এরপর মন্ত্রিপরিষদ সচিব তা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই অধ্যাদেশ পর্যালোচনায় গত ৪ জুন আইন উপদেষ্টাকে প্রধান করে একটি কমিটি করে সরকার। পর্যালোচনা কমিটি এখনো তাদের প্রতিবেদন দেয়নি।
জনতার আওয়াজ/আ আ