নগর ভবনে আবারও জমায়েত ইশরাক সমর্থকদের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নগর ভবনে আবারও জমায়েত ইশরাক সমর্থকদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ

 

ছবি: প্রতিনিধি
জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সরকারের একগুঁয়ে আচরণ এবং সরকারের উপদেষ্টাদের আদালত অবমাননামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে দুই দিন সরকারি ছুটির পর আবারও নগর ভবনে জমায়েত হয়ে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থকরা।

রবিবার (২২ জুন) সকাল ১১টা থেকে নগর ভবন প্রাঙ্গণে ‘ঢাকাবাসী’র ব্যানারে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ইশরাক সমর্থকরা।

রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে যোগ দিচ্ছেন নগর ভবনের আন্দোলনে।

সংরক্ষিত (৫২, ৫৩, ৫৪ ওয়ার্ড) আসনের বিএনপির সাবেক কাউন্সিলর খালেদা আলম বলেন, “আন্দোলনের শুরু থেকে রাজপথে আছি। আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনের মেয়রের শপথের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলনে থাকব।”

বৃহত্তর কোয়ানালী থানার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জাবেদ আলী বলেন, “প্রধান উপদেষ্টা সহ উনার সব উপদেষ্টাই জ্ঞানী ও বিচক্ষণ। দুই একজন ‘শিশু উপদেষ্টা’র কর্মকাণ্ডে তাদের বদনাম হচ্ছে। আমরা আশা করব, ইশরাক হোসেনকে মেয়রের শপথ দিয়ে এর থেকে দায়মুক্ত হবেন। তা না হলে ঢাকাবাসীর আন্দোলন চলবে।”

স্লোগানে স্লোগানে উত্তাল নগর ভবন। এ সময় “নগরপিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই”, “দফা এক, দাবি এক—আসিফের পদত্যাগ”, “ঘেরাও ঘেরাও ঘেরাও হলো, নগর ভবন ঘেরাও হলো”, “শপথ নিয়ে টালবাহানা চলে না”—ইত্যাদি নানা স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।

গত ১৪ মে থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে টানা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করে যাচ্ছেন ঢাকাবাসীসহ ইশরাক সমর্থকরা। একই দাবিতে কোরবানির ঈদের আগে দুই দিন যমুনার সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকাবাসী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ