রাজশাহী স্টেডিয়াম দেখতে এসেছে কারিগরি দল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহী স্টেডিয়াম দেখতে এসেছে কারিগরি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ

 

ছবি: প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি
‎রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ঢাকা থেকে একটি কারিগরি দল এসেছে। রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় তিনি এই তথ্য জানান।

‎সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ‘আগামী বিপিএলে রাজশাহীকে ভেন্যু করার বিষয়ে দেখভালের জন্য সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী ঘুরে গেছেন। রাজশাহী স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ঢাকা থেকে টেকনিক্যাল টিম এসেছে।’

‎সভায় খাদ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীতে সব ধরনের চালের দাম দুই থেকে তিন টাকা বেড়েছে। তবে ঢাকার বাজার থেকে এখানে মূল্য চার থেকে পাঁচ টাকা কম আছে। শীঘ্রই মজুদ বিরোধী বিশেষ করে লাইসেন্সবিহীন মজুতদারদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।

‎আম রপ্তানি বিষয়ক সচেতনতা বাড়াতে রাজশাহী কৃষি সম্প্রসারণের আঞ্চলিক কার্যালয়ে আম মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দপ্তরটি। মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী আম মেলায় বাইরের দেশের ২০ প্রজাতিসহ মোট ১৫০ প্রজাতির আম প্রদর্শিত হচ্ছে।

‎বগুড়া অঞ্চলে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে উল্লেখ করে পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, মাঝে অপরাধ কিছুটা বেড়েছিল, এখন নিয়ন্ত্রণে আছে। অপরাধ নিয়ন্ত্রণে হাইওয়ে টহল বাড়ানো হয়েছে।

‎সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী বিভাগের এতিমখানাগুলোতে ৫৩ শতাংশ আসন খালি আছে। বালকদের আসন বেশি খালি। এসব আসনে এতিম ছাড়াও দুস্থ শিশুরা থাকতে পারবে। এ বছর ৩০০ রোগীর ছয়টি দুরারোগ্য রোগের চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে আর্থিক অনুদান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়েছে।

‎সভায় অন্যান্য দপ্তরপ্রধানগণ নিজ নিজ দপ্তরের উন্নয়ন কার্যক্রম এবং অন্য দপ্তরের সাথে সমন্বয়ের বিষয়গুলো তুলে ধরেন। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভাগের আট জেলার জেলা প্রশাসকেরা অংশগ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ