এবি পার্টি ক্ষমতাকেন্দ্রিক কোনো জোটের পক্ষে নয়: মঞ্জু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবি পার্টি ক্ষমতাকেন্দ্রিক কোনো জোটের পক্ষে নয়: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আমার বাংলাদেশ (এবি) পার্টি মতাদর্শ কিংবা ক্ষমতাকেন্দ্রিক কোনো জোটের পক্ষে নয়, বরং বৈষম‍্যবিরোধী ও সংস্কারের পক্ষের সব গণতান্ত্রিক শক্তির জোট গঠনে আগ্রহী- এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

মঙ্গলবার ৩৬ দিনব্যাপী এবি পার্টির জুলাই উদযাপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবি পার্টির ৩৬ দিনব্যাপী জুলাই উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন জুলাই শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা ও সন্তান আরিয়ানা কাজী নুজাইরাহ।

অনুষ্ঠানে মজিবুর রহমান মঞ্জু বলেন, গত জুলাইয়ে স্বাধীন বাংলাদেশ প্রশ্নে সবাই এক হয়েছিল। তাহলে আজ সংস্কার নিয়ে এত দ্বিধা কেন?

তিনি বলেন, ‘আজকে কেন এত প্রশ্ন। কেন আজকে সংস্কার নিয়ে বিরোধ? কেন আজকে কে কত অবদান রেখেছে, সেটা নিয়ে আমাদের মধ্যে দ্বিধা।’

এক বছর আগের জুলাই অভ্যুত্থানের স্মৃতি স্মরণ করে মঞ্জু আরও বলেন, ‘এক বছর যেতে না যেতেই…। কিন্তু যখন গণ-অভ্যুত্থান হয়েছিল; তখন কিন্তু আমরা কেউ কারো অথরিটি নিয়ে প্রশ্ন তুলিনি। ছাত্ররা যখন কমপ্লিট শাটডাউন ডেকেছিল, ঢাকা ব্লকেট দিয়েছিল, রেমিট্যান্স শাটডাউনের আহ্বান করেছিল, যখন ঢাকা মার্চের আহ্বান করেছিল; আমরা তাদের কেউ প্রশ্ন করিনি তোমরা কারা? সেদিন আমরা তাদের আহ্বানে রাজপথে নেমে এসেছিলাম। তাহলে আজকে কেন প্রশ্ন ওঠে তোমরা কারা, তোমাদের সংগ্রাম কতদিনের?’

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, গণ-অভ্যুত্থানের জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা।

তিনি বলেন, ‘রাজনৈতিক নেতাদের মনে রাখতে হবে, রাজনীতিতে দিল্লির মতো কোনো বিদেশি শক্তি যেন আর বাংলাদেশের মাথায় ছড়ি ঘোরাতে না পারে। জুলাই শহীদদের ভুলে গেলে আমাদের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে।’

বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল লতিফ মাসুম।

আরও বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান দিদারুল আলম, বি এম নাজমুল হক, হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা রাখি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ