হতাহতের তথ্য গোপন করার অভিযোগ সত্য নয়: প্রেস উইং - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হতাহতের তথ্য গোপন করার অভিযোগ সত্য নয়: প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় ‘হতাহতের প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে’— এমন দাবি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিভিন্ন মহল থেকে অপপ্রচার চালানো হচ্ছে যে, হতাহতের সঠিক তথ্য গোপন করা হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই, এই দাবি সঠিক নয়।’

পোস্টে আরও বলা হয়, এ ঘটনায় নিহত ও আহত প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে নিহতদের নাম-পরিচয় যাচাই করে তালিকা প্রস্তুতের কাজ চলছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল একযোগে কাজ করছে বলে জানানো হয়েছে। নিখোঁজদের শনাক্তে স্কুল কর্তৃপক্ষ একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে এবং রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি যাচাই করে তথ্য সংগ্রহ করছে।

এদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকাও রয়েছেন।

তিনি বলেন, আহত ৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজন ভেন্টিলেশনে আছেন। আহতদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ