সবক্ষেত্রে অসামান্য মেধার স্বাক্ষর রেখেছেন শেখ কামাল’ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সবক্ষেত্রে অসামান্য মেধার স্বাক্ষর রেখেছেন শেখ কামাল’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৫, ২০২২ ২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৫, ২০২২ ২:৩১ অপরাহ্ণ

 

সংস্কৃতি, ক্রীড়া ও রাজনীতি থেকে শুরু করে সবক্ষেত্রে শেখ কামাল অসামান্য মেধার স্বাক্ষর রেখেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ কামালের জীবন থেকে উদ্বুদ্ধ হয়ে দেশের যুব সমাজ নিজেদের মেধা-মনন বিকশিত করে বাংলাদেশের মর্যাদা উন্নত করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকারপ্রধান।

শিশু থেকে যুবকদের শেখ কামালের নীতি অনুসরণের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, শেখ কামালের নীতি-আদর্শ শিশু থেকে শুরু করে যুবসমাজ অনুসরণ করে নিজেদের গড়ে তুলতে পারে। যাতে আন্তর্জাতিক পর্যায়ে মেধা-মনন বিকশিত করে দেশের মর্যাদা আরও বাড়াতে পারি।

অনুষ্ঠানে খেলাধূলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে তরুণদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।

অনুষ্ঠানে ৭ ক্যাটাগরিতে মোট ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২২ প্রদান করা হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে পুরস্কার বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। পুরস্কার হিসেবে দেওয়া হয় এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ।

২০২২ সালে শেখ কামাল পুরস্কার পাওয়াদের মধ্যে আজীবন সম্মাননা পেয়েছেন হারুনুর রশিদ। এছাড়া সংগঠক হিসেবে সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম, ক্রীড়াবিদ হিসেবে লিটন দাস, আবদুল্লাহ হেল বাকী ও মোল্লা সাবিরা, উদীয়মান হিসেবে দিয়া সিদ্দিকী ও শরীফুল ইসলাম, পৃষ্ঠপোষক হিসেবে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, সাংবাদিক কাশীনাথ বসাক এবং সংস্থা হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে পুরস্কার দেওয়া হয়।

১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে প্রাণ হারান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ